উত্তরকোণ

বাংলাদেশে সোনার দাম বেশি, দুবাই, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ভারতে কম

বাংলাদেশে সোনার দাম বেশি, দুবাই, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ভারতে কম

দেশের বাজারে বিগত প্রায় চার মাসে সোনার দাম ভরিতে ৩৯ হাজার ৬০০ টাকা বেড়েছিল। কয়েক দিনে দাম কিছুটা কমেছে। যদিও দাম এখনো আকাশছোঁয়া, প্রতি ভরি ১ লাখ ৬৯ হাজার টাকা (২২ ক্যারেট)। আর্থসামাজিক নানা কারণে দেশের মানুষকে সোনার গয়না কিনতে বাধ্য হতে হয়। এ ক্ষেত্রে বিপাকে পড়েছেন মধ্য ও নিম্নবিত্তের ক্রেতারা। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, সোনার গয়না বিক্রি কমে গেছে। দেশে সোনার দাম কত হবে, তা নির্ধারণ করে দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সংগঠনটির নেতারা বিভিন্ন সময় বলেছেন, বিশ্ববাজারে দামের ওঠানামার সঙ্গে মিলিয়ে তাঁরা দেশের দামঠিক করেন। কয়েক দিন পরপরই নতুন দাম ঘোষণা করা হয়। বিশ্লেষণে দেখা যায়, বিশ্ববাজারের চেয়ে দেশের বাজারে দাম অনেকটা বেশি। যেমন দুবাই জুয়েলারি গ্রুপ নামে জুয়েলার্স সমিতির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গতকাল রোববার ২২ ক্যারেটের সোনার ভরি ছিল ৪ হাজার ২১৭ দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা। ভারতের বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে দেওয়া দর বলছে, দেশটিতে গতকাল সোনার গয়নার দোকান প্রতি ভরি দর ছিল ১ লাখ ৬ হাজার ৯৫৯ রুপি। অর্থাৎ ১ লাখ ৫৩ হাজার ৬৫৮ টাকা। দেখা যাচ্ছে, দুবাইয়ের চেয়ে বাংলাদেশে সোনার দর প্রায় ভরিতে সাড়ে ২৯ হাজার টাকা এবং ভারতের চেয়ে প্রায় ১৫ হাজার টাকা বেশি। মালয়েশিয়ায়ও সোনার দাম ২২ ক্যারেট ভরি প্রতি ১ লাখ ৩৫ হাজার ৮০০ টাকা।

শেয়ার: