উত্তরকোণ

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারদের আর্থিক অনুদানের চেক প্রদান

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারদের আর্থিক অনুদানের চেক প্রদান

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বগুড়া জেলায় শহীদ পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহীদ পরিবারদের মাঝে চেক বিতরণ করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। পনেরো জন শহীদ পরিবারকে জেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে দুই লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা আর্থিক অনুদান দেয়া হয়। চেক প্রাপ্ত পরিবারের শহীদ ব্যক্তিরা হলেন- মোঃ মনিরুল ইসলাম, মোঃ আব্দুল মান্নান, সিয়াম শুভ, মোঃ কমর উদ্দিন খাঁ, মোঃ আবু রায়হান, মোঃ শাকিল হাসান, মোঃ সোহেল রানা, মোঃ জিল্লুর সরদার, মোঃ আব্দুল আহাদ সৈকত, রহমত মিয়া, মোঃ সেলিম হোসেন, মোঃ রনি, মোঃ সাব্বির হাসান, মোঃ মাহফুজ, মোঃ জুনাইদ ইসলাম রাতুল। জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা  গোলাম মোঃ শাহনেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই আন্দোলনে শহিদ ও আহতদের প্রতি আমরা চিরঋণী। তাঁদের আত্মত্যাগের ফলেই আমরা পেয়েছি একটি নতুন বাংলাদেশ। এ রক্তঝরা ইতিহাস জাতির স্মৃতিতে যুগ যুগ ধরে মাইলফলক হিসেবে গেঁথে থাকবে। নিহত পরিবারের পাশে আমাদের সবাইকে দাঁড়াতে হবে। তাঁদের পরিবারগুলোকে রাষ্ট্রীয় মর্যাদা এবং যথাযথ সম্মান প্রদানের জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মেজবাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মো. আসাদুজ্জামান সহ শহীদ পরিবারের সদস্যরা।

শেয়ার: