উত্তরকোণ

শ্রমিক বাঁচলেই শিল্প বাঁচবে, আর শিল্প বাঁচলে বাঁচবে দেশ -লায়ন ফরিদ আহমেদ

শ্রমিক বাঁচলেই শিল্প বাঁচবে, আর শিল্প বাঁচলে বাঁচবে দেশ -লায়ন ফরিদ আহমেদ

পৃথিবীর মেহনতি মানুষের জন্য ১লা মে দিনটি একটি মাইলফলক এবং ঐতিহাসিক সত্য। কারণ এই দিনটির মাধ্যমে তারা তাদের কাজের প্রকৃত স্বীকৃতি পেয়েছে, পেয়েছে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। এই দিনটিকে পাওয়ার জন্য শ্রমিকরা তাদের নিজের জীবন রক্ষার জন্য, ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য প্রতিবাদ-সংগ্রাম করেছে মালিকদের বিরুদ্ধে। ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকেরা আট ঘণ্টা কর্মদিবসের দাবিতে আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছিলেন। সেই আত্মদানের পথ ধরেই পৃথিবীর দেশে দেশে শ্রমজীবী মানুষ ন্যায্য মজুরি, অবকাশ, মানবিক আচরণ, নারী পুরুষ বৈষম্য নিরসন, তাদের জন্য মাতৃকালীন স্বাস্থ্যসম্মত ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে এখনো আন্দোলন করছেন।
প্রিয় মাতৃভূমির মেহনতি শ্রমিকেরাও এর বাইরে নন। নিজেদের অধিকার আদায়ের দাবির পাশাপাশি এ দেশের মেহনতি মানুষেরা প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনেও বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। ৫২’র ভাষা আন্দোলন, ৭১’র মহান মুক্তিযুদ্ধ, ৭৫’র সিপাহি জনতার বিপ্লব, ৯০’র স্বৈরাচার বিরোধী গণ-অভ্যুথানে এবং সর্বশেষ ২৪’র বৈষম্য বিরোধী ছাত্র শ্রমিক জনতার আন্দোলন সহ যে কোনো সংকটে শ্রমিকেরা সন্মুখ সারি থেকে যুদ্ধ করেছে। প্রত্যেকটি গণ আন্দোলনে শতকরা ৭০ ভাগ গরীব মেহনতি মানুষ নিজের জীবন উৎসর্গ করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করেছে। দেশের পরিবর্তন এনেছেন কিন্তু তাদের ভাগ্যের পরিবর্তন কেউ-ই করেনা। অথচ বাংলাদেশের সংবিধানের ১৪ অনুচ্ছেদে পরিষ্কার করে বলা আছে, ‘রাষ্ট্রের অন্যতম দায়িত্ব হইবে মেহনতী মানুষকে-কৃষক ও শ্রমিককে এবং জনগণের অনগ্রসর অংশসমূহকে সকল প্রকার শোষণ হইতে মুক্তি দান করা।’ স্বাধীনতার ৫৩ বছর পরেও ন্যায্য দাবি আদায়ে শ্রমিকদের আন্দোলন করতে হচ্ছে, আন্দোলন করতে গিয়ে অনেকে জেল, জুলুম গুম-খুন-হত্যা এবং সামাজিক ভাবে হেনস্থার শিকার হয়েছেন। সরকারের ভুল নীতি ও দুর্নীতির কারণে অধিকাংশ রাষ্ট্রায়ত্ত কারখানা বন্ধ হয়ে যাওয়ায় বিপুলসংখ্যক শ্রমিক বেকার হয়েছেন। কিন্তু ঐ সুবিধাবাদী শোষকশ্রেণী কিন্তু তাদের কথা রেখেছে, সংশ্লিষ্ট খাতের সরকারি প্রতিষ্ঠানে যেসব পদাধিকারী ছিলেন, তাঁরা বহাল তবিয়তে আছেন।
প্রিয় মজদুর জনগোষ্ঠী, যুগে যুগে, দেশে দেশে, সমাজে খেটে-খাওয়া শ্রমিক শ্রেণি ও মেহনতি মানুষ দেশ-জাতির উন্নয়নে যথেষ্ট অবদান রেখেছে। অথচ তাদের অবদানকে সব সময় ছোট করে দেখা হয়। আমি দৃঢ চিত্তে বলছি, যে কোনো দেশের উৎপাদন অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধিতে এই শ্রমিক’রাই বড় হাতিয়ার হিসেবে কাজ করছে। আবার তাঁরাই সবচেয়ে বেশি শোষিত ও বঞ্চিত, নির্যাতিত হচ্ছে। যা অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক। এখনো বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে সপ্তাহে ৬ দিনের প্রতিদিনই গড়ে প্রায় ১০ থেকে ১২ ঘণ্টার অমানবিক পরিশ্রম করো হচ্ছে কিন্তু তার বিপরীতে মিলছে নগণ্য মজুরি যা দিয়ে শ্রমিকের সংসার চলছে না, স্বজনের মুখে তিন বেলা খাবার তুলে দেয়া সম্ভব হচ্ছে না, তাদের চিকিৎসা ও সন্তানদের লেখাপড়া চলছে না। সর্বোপরি পরিবার-পরিজন নিয়ে শ্রমিকের জীবন দুর্বিষহ। অনিরাপদ পরিবেশে রোগ-ব্যাধি, আঘাত, মৃত্যুই যেন তাদের নির্মম সাথী।
স্বাধীন দেশে আমার প্রিয় মেহনতি শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার ও দাবি’র কথা মন খুলে মালিক ও সমাজকে বলতে পারছে না। এমনকি তাদের পক্ষ হয়ে বলার মতো করে কেউ দ্বায়িত্ব নিচ্ছে না। কাজের যেমন সুনির্দিষ্ট সময় নাই, তেমনি নেই সাপ্তাহিক ও অন্যান্য ছুটি এবং চাকরির স্থায়িত্ব ও মজুরিসহ সকল বিষয় এখনো অনেক ক্ষেত্রে মালিকের ইচ্ছাধীন বিষয়। এখন অনেক সেক্টরে শ্রমিকদের কোন ছুটি নেই, বেতন বা মজুরির কোন স্কেল বা পরিমাণ নেই, চরম বিপদের দিনেও শ্রমিকরা ছুটি পায় না। দায়িত্ব পালনকালে দুর্ঘটনায় কারো মৃত্যু ঘটলে তার পরিবারকে কোনো ক্ষতিপূরণ দেয়া হয় না। শ্রমিকরা তাদের দাবি-দাওয়ার কথা বললে মালিকরা তাদের ওপর ক্ষেপে যায়, এমনকি মালিকদের ভাড়াটে মাস্তানরা তাদের ওপর জুলুম করে। মালিকরা শ্রমিকদের কলুর বলদের মতো খাটায়। তাদের ওপর অতিরিক্ত কাজ চাপিয়ে দেওয়া। এতে শোষণ-নিপীড়ন ও বঞ্চনাই শ্রমিকের পাওনা হয়ে দাঁড়ায়।
মালিকের সীমাহীন অনাচার, অর্থলিপ্সা ও একপাক্ষিক নীতির ফলে শ্রমিকদের মনে জমতে শুরু করেছে প্রচণ্ড ক্ষোভ ও দ্রোহ। এ যেন অত্যাচার-অনাচার-পাপাচারের মহা-উৎসব চলছে। মে দিবস যায়, আসে কিন্তু শ্রমিকদের ভাগ্য যেন আর খোলে না। শ্রমিকের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মহানবী হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, যারা শ্রমিকের মজুরি প্রদানে টালবাহানা করে এবং ‘সামর্থ্যবান পাওনা পরিশোধে গড়িমসি করা জুলুম বা অবিচার।’ (বুখারি) অথচ আমরা কোন ভাবেই তা মানি না।
প্রিয় সমাজ, এমন অত্যাচার যখন তাদের উপর চলছেই তখন শ্রমিকরাও প্রতিবাদী হয়ে উঠবেই। প্রতিবাদের যে সাহস ঐ ক্ষমতালোভীরা পদদলিত করে রেখেছিল, সেই দিন কিন্তু ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছে। পুনঃ জাগরণের মাধ্যমে সকল শ্রেণীপেশার স্বশিক্ষিত, অর্ধশিক্ষিত, সুশিক্ষিত শ্রমিক শ্রেণী ও মেহনতি জনতা ধীরে ধীরে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ হচ্ছে। শ্রমিকদের অনুপ্রেরণা দাবি আদায়ের সন্মুখ নেতা আগস্ট স্পিজ প্রহসনের বিচারে ফাঁসির মঞ্চে আরোহণের পূর্বে বলেছিলেন, ‘আজ আমাদের এই নিঃশব্দতা, তোমাদের আওয়াজ অপেক্ষা অধিক শক্তিশালী হবে।
যে দেশে বর্তমানে ভোটারের ৬১% অর্থাৎ ৭ কোটি ৩৫ লক্ষ শ্রমজীবী মেহনতি মানুষ। যাদের ঘামে গড়ে উঠছে দেশ, ঘুরছে শিল্প অথচ তাদের জন্য নেই সুশাসন, সুস্বাস্থ্য, সুশিক্ষা ব্যবস্থা। তাদের বাদ রেখে সুষ্ঠ ধারার সুসম গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা অসম্ভব। তাইতো এই ২০২৫’র মে দিবসের প্রাক্কালে বলে যাচ্ছি, সেদিন খুব বেশি দুরে নয়, এদেশে আবার একটা বিপ্লব হবে, যে বিপ্লব হবে শোষণের বিরূদ্ধে শোষিত এর যার নেতৃত্বে থাকবে শ্রমজীবী মানুষ। ঐ লড়াই-এ মজলুম’ই বিজয়ী হবেন। ইনশা আল্লাহ্।
পরিবর্তিত নতুন বাংলাদেশে মে দিবস পালন তখনই সার্থক হবে, যখন শ্রমিকদের সব ধরনের শোষণ ও বঞ্চনা থেকে মুক্ত রাখা যাবে। মালিকদের মনে রাখতে হবে, শ্রমিকদের ঠকিয়ে শিল্পের বিকাশ বা বাড়তি মুনাফা করা যাবে না। শ্রমিক বাঁচলেই শিল্প বাঁচবে, আর শিল্প বাঁচলে দেশ বাঁচবে। আশা করি, এই মনোভাব নিয়ে সরকার ও শিল্পমালিকেরা কাজ করবেন এবং শ্রমিকদের স্বার্থ রক্ষায় সচেষ্ট থাকবেন।

লেখক:

লায়ন ফরিদ আহমেদ

রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট শ্রমিক নেতা

শেয়ার: