উত্তরকোণ

বগুড়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি

বগুড়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি

স্টাফ রিপোটার ঃ বগুড়ার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলীর মতবিনিময় সভা। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী। বক্তব্যে তিনি বলেন, কিশোর গ্যাং গড়ে ওঠার জন্য পুলিশকে দায়ী করা ঠিক নয়। এ সমস্যা প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের সচেতন হতে হবে, পরিবারে সন্তানদের নৈতিক শিক্ষা নিশ্চিত করতে হবে এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও জোরদার করতে হবে। তিনি বলেন, কেউ জীবিকার তাগিদে, আবার কেউ মাদকের নেশায় জড়িয়ে অপরাধে জড়ায়। বগুড়ার প্রায় ৪৫ লাখ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ২ হাজার ২০০ পুলিশ সদস্য কাজ করছেন। ডিআইজি বলেন, সাংবাদিক ও পুলিশ সমন্বিতভাবে কাজ করলে সমাজের বিভিন্ন অপরাধ, অনিয়ম ও অসংগতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত সম্পর্ক এবং তথ্য আদান-প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও দায়িত্বশীল পুলিশিং একটি সুন্দর, নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠনে সহায়ক ভূমিকা পালন করে। সভায় উপস্থিত ছিলেন বগুড়ার পুলিশ সুপার মীরজা সায়েম মাহমুদ, পিবিআইয়ের পুলিশ সুপার মমিরুজ্জামান, সিআইডির পুলিশ সুপার মোতাহার হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু সুফিয়ান, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, বিএফইউজে নেতা মির্জা সেলিম রেজা, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস ও সাধারণ সম্পাদক আবু সাঈদ, বগুড়া প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব সবুর শাহ লোটাস, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সাধারণ সম্পাদক মমিনুর রশীদ শাইন, বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন আকন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন পর্যায়ের সাংবাদিক বৃন্দ। মতবিনিময় সভায় পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পেশাগত সম্পর্ক উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনস্বার্থে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

শেয়ার: