উত্তরকোণ

চাটমোহরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, বাতিলের দাবিতে বিএনপির মানববন্ধন

চাটমোহরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, বাতিলের দাবিতে বিএনপির মানববন্ধন

পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহর উপজেলার চার ইউনিয়নে সার ডিলার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, উপজেলার বিলচলন, মূলগ্রাম, ডিবিগ্রাম ও মথুরাপুর ইউনিয়নে সার ডিলার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়ে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এ ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও দাবি করেন তারা। এছাড়াও এই ডিলাররা কৃষকদের হয়রানি সহ বেশি দামে সার বিক্রি করার অভিযোগও তোলেন। বক্তারা অভিযোগ করে বলেন, বিলচলন ইউনিয়নে যুবলীগ নেতা সামাদ আলী, মূলগ্রাম ইউনিয়নে রহমত আলী, ডিবিগ্রাম ইউনিয়নে আকমল হোসেন এবং মথুরাপুর ইউনিয়নে আরিফুল ইসলাম সার ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন। তাদের দাবি, এসব ব্যক্তি আওয়ামী লীগের সক্রিয় সদস্য। বিএনপির কিছু ব্যক্তিকে প্রভাবিত করে এবং বিভিন্ন অনিয়মের মাধ্যমে তারা ডিলারশিপ পেয়েছেন। বক্তারা অবিলম্বে অভিযুক্ত চার ডিলারের ডিলারশিপ বাতিল করে সেখানে বিএনপির সদস্যদের পুনরায় ডিলার হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানান। একই সঙ্গে নিয়োগ প্রক্রিয়ার অনিয়ম তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা। মানববন্ধনে বক্তব্য দেন, চাটমোহর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ মাহমুদুল আলম মাহমুদ, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক এ এম জাকারিয়া, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রবিউল করিম তারেক, হরিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজির সরকার, গুনাইগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মওলা, বিলচলন ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মো. আফসার আলী নেভী, ডিবিগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ডা. সাইফুল এবং মথুরাপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ইয়াছিন আলী প্রমুখ। এ ছাড়া উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ হাসানকে মৌখিকভাবে বিষয়টি অবহিত করেন এবং সার ডিলার নিয়োগসংক্রান্ত অভিযোগের নিষ্পত্তি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ বিষয়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দেখব পরবর্তীতে কি করা যায়।

শেয়ার: