উত্তরকোণ

শাজাহানপুরে ৩২ মৃত মোটর শ্রমিকের পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক

শাজাহানপুরে ৩২ মৃত মোটর শ্রমিকের পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে মৃত ৩২ মোটর শ্রমিকের পরিবারের মাঝে এককালীন আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। রোববার (২৫ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এসব চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাইফুর রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুল হামিদ মিঠুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আকরাম আলী এবং বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সামছুজ্জামান সামছু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের প্রচার সম্পাদক মো. সাজ্জাদ হোসেন পিন্টু। আয়োজক সূত্রে জানা গেছে, বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের শ্রমিক কল্যাণ তহবিল থেকে জেলার মোট ২১৬ জন মৃত মোটর শ্রমিকের পরিবারকে এককালীন আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে বগুড়া সদর, গাবতলী ও শিবগঞ্জ উপজেলায় ইতোমধ্যে সহায়তার চেক বিতরণ করা হয়েছে। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শাজাহানপুরে ৩২টি পরিবারের হাতে চেক তুলে দেওয়া হয়। পরিবারের উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে আর্থিক সংকটে পড়া স্বজনদের পাশে দাঁড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। প্রিয়জনকে হারানোর শোকের পাশাপাশি আর্থিক অনিশ্চয়তায় পড়া পরিবারগুলোর জন্য এ সহায়তা কিছুটা হলেও স্বস্তি বয়ে আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মৃত শ্রমিকদের পরিবারের কল্যাণ নিশ্চিত করা এবং শ্রমিকদের প্রতি সংগঠনের দায়বদ্ধতা থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।

শেয়ার: