উত্তরকোণ

সিরাজগঞ্জে ২৯৫ বুপ্রেনরফিন ইনজেকশনসহ নারী গ্রেপ্তার

সিরাজগঞ্জে ২৯৫ বুপ্রেনরফিন ইনজেকশনসহ নারী গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসে মাদক পরিবহনের অভিযোগে ২৯৫ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ এক নারীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার তেলকুপি ঈদগাহ মাঠসংলগ্ন কাঠেরপুল থেকে চান্দাইকোনাগামী সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নারী শাহনাজ ওরফে সাইনা বেগম (৫০) জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা। এসআরবি-১২-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে সদর কোম্পানির একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় যাত্রীবাহী বাসে মাদক পরিবহনের অভিযোগে শাহনাজকে আটক করা হয়। তাঁর কাছ থেকে ২৯৫ পিস বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহনাজ দীর্ঘদিন ধরে জয়পুরহাটের সীমান্তবর্তী এলাকা থেকে এসব ইনজেকশন সংগ্রহ করে বিভিন্ন যানবাহনে দেশের বিভিন্ন জেলায় নিয়ে বিক্রি করতেন বলে জানা গেছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা করা হয়েছে। এসআরবি-১২ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার: