মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের বিষয়ে সরকারের অবস্থান নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থি কোনো কাজে লিপ্ত হন, তবে সে বিষয়ে প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন।সোমবার সকালে ঝিনাইদহে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের (পিটিআই) নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে আইনগত কোনো বাধা নেই বলে জানান তিনি। তিনি বলেন, অতীতে যেভাবে এমপিওভুক্ত শিক্ষকেরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতেন, বর্তমান নিয়ম অনুযায়ী সেভাবেই তারা অংশ নিতে পারবেন। সরকার একটি সুষ্ঠু ও সুন্দর স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানে আশাবাদী উল্লেখ করে তিনি এ বিষয়ে সরকারের ওপর ভরসা রাখার আহ্বান জানান। এর আগে সকালে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন আইনমন্ত্রী। সভায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উত্তরকোণ
এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন: আইনমন্ত্রী

