উত্তরকোণ

সিরাজগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের অভিযোগ, নিজেকে বাঁচাতে আত্মগোপনে

সিরাজগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের অভিযোগ, নিজেকে বাঁচাতে আত্মগোপনে

সোহেল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক হারুন অর রশিদের বিরুদ্ধে সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রে জড়িত থাকার অভিযোগ উঠেছে। এ অভিযোগ সামনে আসার পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন। তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া গেছে।রোববার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ পৌর শহরের হোসেনপুর দক্ষিণ এলাকায় জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। কার্যালয় সূত্র জানায়, গত ১৫ অক্টোবর তিনি সর্বশেষ অফিসে এসেছিলেন। এরপর তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ৩৬তম বিসিএসের কর্মকর্তা হারুন অর রশিদের বাড়ি গাইবান্ধা জেলায়। ২০২৪ সালের ২৭ আগস্ট তিনি সিরাজগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক হিসেবে যোগ দেন। সংশ্লিষ্ট সূত্রের দাবি, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের তদন্তে অন্তত ১১টি সরকারি নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের তথ্য উঠে এসেছে। গত ১০ অক্টোবর ২৪২টি পদের বিপরীতে ৩ লাখ ১৮ হাজার ৯৭৬ জন প্রার্থীর পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষা শুরুর পরপরই প্রশ্নফাঁসের বিষয়টি নিশ্চিত হওয়ায় পরীক্ষা স্থগিত করা হয়। পরে ১৬ অক্টোবর পুনরায় পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ঘটনায় ১১ অক্টোবর মতিঝিল থানায় মামলা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) আতিকুর রহমান। রোববার মামলার নথি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হয়েছে। তদন্তে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মুঠোফোন ও হোয়াটসঅ্যাপ বার্তা পর্যালোচনা করে খাদ্য মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, নির্বাচন কমিশনসহ বিভিন্ন সরকারি দপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের তথ্য পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তথ্যানুসন্ধান অনুযায়ী, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কর্মকর্তা সুজিত গোপকে চক্রের কেন্দ্রীয় সমন্বয়কারী হিসেবে সন্দেহ করা হচ্ছে। এ ছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিস সহকারী আসাদুল হাবিব, জাতীয় রাজস্ব বোর্ডের কর্মচারী জাহাঙ্গীর আলম, এস এম এমদাদুল রহমান এবং পরিবেশ অধিদপ্তরের কর্মচারী মোহাম্মদ রুবেল ইসলামের নাম এসেছে। তাঁদের মধ্যে সাতজন গ্রেপ্তার হয়েছেন বলে সূত্রের দাবি। চক্রের আরেক সদস্য হিসেবে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সহকারী পরিচালক সোহাগ ফকিরের নাম এসেছে। অভিযোগ অনুযায়ী, তাঁর কাছ থেকে প্রশ্ন সিরাজগঞ্জের খাদ্য নিয়ন্ত্রক হারুন অর রশিদের কাছে পৌঁছাত। এ ঘটনায় আরও কয়েকজন সরকারি কর্মকর্তা ও কর্মচারীর সংশ্লিষ্টতার অভিযোগ তদন্ত করা হচ্ছে। তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, চাকরিপ্রার্থীদের সঙ্গে ১০ লাখ টাকার চুক্তি করা হতো। টাকা পরিশোধ না করা পর্যন্ত তাঁদের মূল শিক্ষাসনদ আটকে রাখা এবং স্বাক্ষর করা ব্যাংক চেক নেওয়ার অভিযোগও রয়েছে। হারুন অর রশিদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। কার্যালয়েও তাঁকে পাওয়া যায়নি। প্রশ্নফাঁস চক্রে জড়িত থাকার অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

শেয়ার: