উত্তরকোণ

সাংবাদিক ইউনিয়ন বগুড়ার মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

সাংবাদিক ইউনিয়ন বগুড়ার মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র আয়োজনে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ১৭ অক্টোবর শনিবার সকাল ৯টায় বগুড়ায় শহীদ চাঁন্দু স্টেডিয়ামে বেলুন উড়িয়ে দিনব্যাপী টুর্নামেন্টের উদ্বোধন করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এসময় বিএফইউজের নির্বাহী সদস্য মির্জা সেলিম রেজা, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারন সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি গনেশ দাস, সাবেক সভাপতি সৈয়দ ফজলে রাব্বী ডলার, সাধারন সম্পাদক এস এম আবু সাঈদ, বগুড়া প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব সবুর শাহ লোটাস, টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব মোস্তফা মোঘল, সদস্য ফেরদৌসুর রহমানসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চারটি দলের টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে যমুনা একাদশ। তারা করতোয়া একাদশকে ৮ উইকেটে হারিয়ে শিরোপা জিতে নেয়। ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাট করে আল-আমিনের একক নৈপূণ্যে ৯৯ রান করে করতোয়া একাদশ। আল-আমিন একাই ৮১ রান করে অপরাজিত থাকেন। যমুনার জুয়েল হাসান ও এনাম বাবু ২টি করে উইকেট লাভ করেন। জবাবে ওপেনার আব্দুল হাকিমের মারমুখী ব্যাটিংয়ে মাত্র ২ উইকেট হারিয়ে এক ওভার আগেই ম্যাচ জিতে নেয় যমুনা।

আব্দুল হাকিম ৬৫ এবং জুয়েল হাসান অপরাজিত ২৩ রান করেন। আব্দুল হাকিম ব্যাটে-বলে সমান নৈপূণ্য দেখিয়ে ম্যান অব দ্য ফাইনাল এবং ম্যান অব দ্য টুর্ণামেন্টের পুরস্কার জিতে নেন। এছাড়া প্রথম ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন টি এম মামুন এবং দ্বিতীয় ম্যাচের আব্দুল হাকিম। ম্যাচ শেষে বিকালে বগুড়ায় শহীদ চাঁন্দু স্টেডিয়ামে সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র আয়োজনে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। বিশেষ অতিথি ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারন সম্পাদক কালাম আজাদ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

শেয়ার: