উত্তরকোণ

আদমদীঘিতে দুর্গাপূজা মন্ডপে সরকারি আর্থিক সহায়তা ও সিসি ক্যামেরা প্রদান

আদমদীঘিতে দুর্গাপূজা মন্ডপে সরকারি আর্থিক সহায়তা ও সিসি ক্যামেরা প্রদান

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার দুর্গাপূজা মন্ডপগুলোতে জিআর প্রকল্পের ৬০০ কেজি চালের ডিও এবং যেসব পুজা মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন করা নাই সেগুলো মন্দিরে একটি করে সিসি ক্যামেরা তুলে দিলেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে ও সান্তাহারে সংসদ সদস্যের কার্যালয়ে পূজামন্ডপ কমিটির প্রতিনিধিদের হাতে এসব সামগ্রী তুলে দেন।  উপহার সামগ্রী প্রদানকালে সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেন, “পারস্পরিক বন্ধন, সম্প্রীতি ও সৌর্হাদ্যের মধ্য দিয়েই শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হবে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম যার যার, উৎসব সবার, এই চেতনায় সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।” তিনি আরও বলেন, “দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হয়, সে জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পূজামন্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা সহায়ক হবে বলে আশা করি। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও সচেতন থাকতে হবে।” এ সময় উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম জুয়েল, আদমদীঘি উপজেলা পুজা উদযাপন ফ্রন্টের সভাপতি মৃনাল সরকার, পূজা উদযাপন ফ্রন্ট নেতা কানাই, সান্তাহার পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সৌরভ কর্মকার, পৌর যুবদলের ১ নম্বর সদস্য আব্দুস সবুর, পৌর যুবদলের ৬ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান, পৌর বিএনপির সদস্য আবুল কালাম আজাদসহ বিভিন্ন পূজামন্ডপ কমিটির নেতৃবৃন্দ।

 

শেয়ার: