সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় সরকারি হাজী কোরপ আলী মেমোরিয়াল কলেজের একটি শ্রেণিকক্ষে খাট, বিছানা ও ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী রাখার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। এ ঘটনায় কলেজের কয়েকজন শিক্ষকের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। সরেজমিনে কলেজের ২১১ নম্বর কক্ষে গিয়ে দেখা যায়, কক্ষের এক পাশে স্টিলের র্যাকে সাজানো রয়েছে শার্ট, প্যান্ট ও লুঙ্গি। অন্য পাশে রাখা হয়েছে একটি খাট, বিছানা ও দুটি বালিশ। এ ছাড়া চেয়ার-টেবিল, পানির বোতল, খাবারের পাত্রসহ বিভিন্ন সামগ্রীও রয়েছে সেখানে। সব মিলিয়ে কক্ষটি শ্রেণিকক্ষের পরিবর্তে শোবার ঘরের মতো দেখাচ্ছে। কলেজের শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, অধ্যক্ষ জাহাঙ্গীর আলম কক্ষটি ব্যবহার করেন। তবে শ্রেণিকক্ষে এভাবে ব্যক্তিগত সামগ্রী রাখার বিষয়টি নিয়ে শিক্ষকদের মধ্যে অসন্তোষ রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক বলেন, অধ্যক্ষ জাহাঙ্গীর আলম শিক্ষা ক্যাডারের ১৫তম বিসিএসের কর্মকর্তা। তিনি জ্যেষ্ঠ শিক্ষক এবং বিভিন্ন কলেজে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। তাঁর মতো একজন অভিজ্ঞ শিক্ষকের কাছ থেকে আরও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেন তাঁরা।
আরেক শিক্ষক বলেন, শ্রেণিকক্ষে খাট ও ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী রাখার বিষয়টি তাঁদের বিব্রত করছে। সরকারি বাড়িভাড়া সুবিধা পাওয়ার পরও শ্রেণিকক্ষ ব্যক্তিগত কাজে ব্যবহারের বিষয়টি দৃষ্টিকটু। তবে শ্রেণিকক্ষে বসবাসের অভিযোগ অস্বীকার করেছেন অধ্যক্ষ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, কক্ষটিতে তিনি রাতযাপন করেন না। মাঝেমধ্যে বিশ্রাম নেওয়ার জন্য সেখানে কিছু জিনিসপত্র রাখা হয়েছে। কলেজে মৌখিক পরীক্ষা নিতে আসা অতিথি শিক্ষকদের থাকার ব্যবস্থা করার জন্য কক্ষটি প্রস্তুত করা হয়েছিল বলে দাবি করেন তিনি। এ বিষয়ে কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপাশা হোসাইন বলেন, শ্রেণিকক্ষকে শোবার ঘর বানিয়ে বসবাসের কোনো সুযোগ নেই। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উত্তরকোণ
সিরাজগঞ্জে কলেজের শ্রেণিকক্ষে অধ্যক্ষের ব্যক্তিগত ব্যবহার

