কুড়িগ্রাম।। কুড়িগ্রামের ফুলবাড়ীতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১০ হাজার ১৭০ টাকা জব্দ করা হয়। রোববার (১১ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজি এলাকায় এ অভিযান চালানো হয়। পুলিশ জানায়, রাত্রিকালীন অভিযান ও দায়িত্ব পালনের অংশ হিসেবে ওই এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ছয়জনকে আটক করা হয়। এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. আবু সুফিয়ান (৩২), মো. সুলতান সরকার (৪২), মো. জহির উদ্দিন (৩৫), মো. নাজিরুল ইসলাম (৩০), মো. সাইফুল ইসলাম (২৮) ও মো. তৈয়ব আলী (২৮)। কুড়িগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, “জুয়া একটি সামাজিক ব্যাধি। দীর্ঘদিন ধরে কুড়িগ্রামের বিভিন্ন থানা এলাকায় জুয়ার আসর পরিচালনার বিষয়ে পুলিশের নজরদারি রয়েছে। জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”সোমবার (১২ অক্টোবর) কুড়িগ্রাম পুলিশ মিডিয়া সেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
উত্তরকোণ
কুড়িগ্রামের শিমুলবাড়ীর সোনাইকাজি এলাকা থেকে ডিবির হাতে ৬ জুয়ারু আটক

