সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নতুন করে ভূইয়াগাতী ইউনিয়ন গঠনের প্রস্তাব নিয়ে স্থানীয় বাসিন্দাদের মতামত জানতে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় ভূইয়াগাতী বাসস্ট্যান্ডে এ শুনানি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ঘুড়কা ইউনিয়নের ১, ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ড এবং চান্দাইকোনা ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ড নিয়ে নতুন ভূইয়াগাতী ইউনিয়ন গঠনের প্রস্তাব করা হয়েছে। এ বিষয়ে স্থানীয়দের অংশগ্রহণ নিশ্চিত করতে গত ৩০ সেপ্টেম্বর গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
গণশুনানিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারী, সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির, রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান, সলঙ্গা থানার তদন্ত কর্মকর্তা মো. লুৎফর রহমান, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শুনানিতে প্রস্তাবিত ইউনিয়ন গঠনের প্রয়োজনীয়তা, প্রশাসনিক কার্যক্রম সহজ করা, স্থানীয় উন্নয়ন ত্বরান্বিত করা এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত ব্যক্তিরা নতুন ইউনিয়ন গঠনের পক্ষে-বিপক্ষে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, গণশুনানিতে পাওয়া মতামতের পাশাপাশি প্রশাসনিক প্রয়োজনীয়তা ও প্রচলিত বিধিবিধান পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে গণশুনানি সম্পন্ন হলেও নতুন ভূঞাগাতী ইউনিয়ন গঠনের বিষয়ে এখনো চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়নি।
উত্তরকোণ
সিরাজগঞ্জে নতুন ভূইয়াগাতী ইউনিয়ন গঠনের প্রস্তাব, গণশুনানি অনুষ্ঠিত

