সিরাজগঞ্জ প্রতিনিধি : দোকানে নেই কোনো বিক্রেতা, নেই টাকা নেওয়ার জন্য কেউ। টেবিলে সাজানো খাতা-কলম, বিস্কুট, চকলেট ও চিপস। দেয়ালে টাঙানো মূল্যতালিকা দেখে শিক্ষার্থীরা প্রয়োজনীয় পণ্য নিচ্ছে, খাতায় হিসাব লিখে নির্ধারিত টাকা জমা দিচ্ছে বাক্সে। কোনো তদারকি ছাড়াই শিক্ষার্থীদের সততার ওপর আস্থা রেখে চলছে ‘সততা স্টোর’।
বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ শহরের বিএল উচ্চ বিদ্যালয় ও হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের সততা স্টোর পরিদর্শনে গিয়ে এমন দৃশ্য দেখেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাজশাহী বিভাগীয় পরিচালক মো. ফজলুল বারী ও সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর। সততা স্টোরে কেনাকাটা শুধু প্রয়োজন মেটানোর বিষয় নয়, বরং নিজেদের সততার প্রমাণ দেওয়ারও একটি সুযোগ। এখানে পণ্য নেওয়ার পর নিজের দায়িত্ববোধ থেকেই মূল্য পরিশোধ করতে হয়। এভাবে শিক্ষার্থীদের মধ্যে সততা ও নৈতিকতার চর্চা গড়ে উঠছে। দুদকের বিভাগীয় পরিচালক মো. ফজলুল বারী বলেন, সততা স্টোর শিক্ষার্থীদের নৈতিকতা শেখার একটি প্রশিক্ষণকেন্দ্র। ছোটবেলা থেকেই সততার চর্চা তাদের ভবিষ্যৎ জীবন ও কর্মক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে। দুদক সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ সদর উপজেলার ১৮টি বিদ্যালয়সহ বিভিন্ন উপজেলায় সততা স্টোর চালু রয়েছে। দুদকের অর্থায়নে পরিচালিত এসব স্টোরের ব্যবস্থাপনার দায়িত্ব বিদ্যালয় কর্তৃপক্ষের। হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মোছা. শামীম আরা বলেন, ২০১৯ সাল থেকে স্টোরটি পরিচালিত হচ্ছে। লাভ করার উদ্দেশ্য নয়, শিক্ষার্থীদের সৎ মানুষ হিসেবে গড়ে তোলাই এর মূল উদ্দেশ্য। বাইরের দোকানের তুলনায় এখানে অনেক পণ্যের দাম এক থেকে দুই টাকা কম রাখা হয়।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাসুদ রানা বলেন, শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা ও সততার মনোভাব গড়ে তুলতেই এ উদ্যোগ। সিরাজগঞ্জে সততা স্টোরের সংখ্যা আরও বাড়ানোর আশ্বাস দিয়েছেন দুদকের রাজশাহী বিভাগীয় পরিচালক। বিক্রেতাবিহীন এসব স্টোরে ছোট ছোট কেনাকাটার মধ্য দিয়ে শিক্ষার্থীরা শিখছে দায়িত্ববোধ ও সততার পাঠ। শৈশব থেকেই এ অভ্যাস গড়ে তোলার উদ্যোগ শিক্ষাপ্রতিষ্ঠানে নৈতিক শিক্ষার একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত হয়ে উঠেছে।
উত্তরকোণ
তদারকি ছাড়াই চলছে সততা স্টোর, আস্থার পরীক্ষায় সিরাজগঞ্জের শিক্ষার্থীরা

