উত্তরকোণ

দল বেঁধে মাছ ধরায় সিরাজগঞ্জে রায়গঞ্জ গ্রামজুড়ে উৎসবের আমেজ

দল বেঁধে মাছ ধরায় সিরাজগঞ্জে রায়গঞ্জ গ্রামজুড়ে উৎসবের আমেজ

সিরাজগঞ্জ প্রতিনিধি: ধানখেতের পাশের জলাবদ্ধ জমিতে থইথই পানি। পানির ওপর ছড়িয়ে আছে কচুরিপানা ও শাপলা। সেই পানিতে নারী-পুরুষ ও শিশুরা দল বেঁধে নেমেছেন মাছ ধরতে। কেউ পানিতে হাতড়ে মাছ খুঁজছেন, কেউ ছোট মাছ ধরার উপকরণ দিয়ে কচুরিপানার ফাঁক থেকে মাছ তুলে নিচ্ছেন। কেউ আবার ধরা মাছ জমা করছেন পাত্রে। মাছ ধরার এই দৃশ্য ঘিরে তৈরি হয়েছে গ্রামজুড়ে উৎসবের আমেজ। গতকাল সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের ক্ষুদ্র সারদা গ্রামে সকালে দেখা যায় এমন চিত্র। স্থানীয়রা জানান,বর্ষার পানি ধীরে ধীরে কমতে শুরু করায় নিচু জমি ও জলাশয়গুলোতে মাছ ধরার উপযোগী পরিবেশ তৈরি হয়েছে। তাই সকাল কিংবা বিকেলে সুযোগ পেলেই স্থানীয়রা দল বেঁধে নেমে পড়ছেন পানিতে। বয়সে ছোট-বড় সবাই মিলে মাছ ধরায় একদিকে যেমন আনন্দ, অন্যদিকে পরিবারের জন্য জুটছে তাজা মাছ। এসব জলাশয়ে পাওয়া যাচ্ছে দেশীয় নানা প্রজাতির মাছ। কই, শিং, মাগুর, টাকি, শোল, পুঁটি, মলা, ঢেলা, চেলা, খলিশা, চান্দা ও বাইনসহ বিভিন্ন ছোট-বড় মাছ বর্ষার পানিতে বিচরণ করে। বিশেষ করে ছোট দেশীয় মাছ গ্রামীণ মানুষের খাদ্য ও পুষ্টির গুরুত্বপূর্ণ উৎস।
ক্ষুদ্র সারদা গ্রামের মাছ ধরতে আসা রওশন,রহিম,রজব আলী বলেন, বর্ষার পানি কমলে আমরা দল বেঁধে এখানে মাছ ধরতে আসি। মাছ ধরার মধ্যে আনন্দ আছে, আবার বাড়ির জন্য তাজা দেশীয় মাছও পাওয়া যায়।সঙ্গে থাকা শিশু লাবনি,রাকিব,সুমাইয়া বলে, অনেক মানুষ একসঙ্গে মাছ ধরছে। আমিও মাছ ধরছি, খুব ভালো লাগছে। স্থানীয়দের কাছে দলবেঁধে মাছ ধরা শুধু মাছ সংগ্রহের বিষয় নয়, এটি গ্রামবাংলার দীর্ঘদিনের লোকজ ঐতিহ্য। একসঙ্গে পানিতে নামা, মাছ খোঁজা ও ধরা মাছ ভাগ করে নেওয়ার মধ্যে রয়েছে পারস্পরিক সহযোগিতা ও আনন্দ। অনেক পরিবারের কাছে এসব মাছ বাড়ির খাবারের চাহিদা মেটানোরও একটি উপায়। তবে জলাশয় ভরাট, পানি দূষণ, কৃষিজমিতে অতিরিক্ত রাসায়নিকের ব্যবহার ও প্রজনন মৌসুমে নির্বিচারে মাছ ধরায় দেশীয় মাছের আবাসস্থল ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। জলাশয় ও প্রজননক্ষেত্র রক্ষা করা গেলে দেশীয় মাছের বৈচিত্র্য যেমন টিকে থাকবে, তেমনি প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা দলবেঁধে মাছ ধরার এই ঐতিহ্যও ধরে রাখা সম্ভব হবে।

শেয়ার: