শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)-তে দক্ষতা উন্নয়ন বিষয়ক রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং, ইলেকট্রনিক ইনস্টলেশন এন্ড মেইনটেন্যান্স ফর কনস্ট্রাকশন এবং প্লাম্বিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) বিকেলে আরডিএ’র আইটি ভবনের সেমিনার রুমে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন আরডিএর মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক। ৪৫ দিনব্যাপী এ প্রশিক্ষণে বিভিন্ন জেলার মোট ৬০ জন যুবক অংশগ্রহণ করছেন। এর মধ্যে রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং বিষয়ে ২০ জন, ইলেকট্রনিক ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স ফর কনস্ট্রাকশন ২০ জন এবং প্লাম্বিং বিষয়ে ২০ জন প্রশিক্ষণ নিচ্ছেন। অনুষ্ঠানে আরডিএর যুগ্ম পরিচালক রেবেকা সুলতানা, যুগ্ম পরিচালক মহিউদ্দিন, আসাদুজ্জামান, তানবিরুল ইসলাম, সহকারী প্রকৌশলী সফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক বলেন, দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ তরুণদের আত্মনির্ভরশীল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কর্মমুখী কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলে দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
উত্তরকোণ
বগুড়ার আরডিএ’তে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

