সিরাজগঞ্জ প্রতিনিধি: হর্নের শব্দ, বাস-ট্রাকের সারি আর নির্মাণযন্ত্রের ব্যস্ততায় প্রতিদিনই সরগরম সিরাজগঞ্জের হাটিকুমরুল। ঢাকামুখী যানবাহনের পাশাপাশি রাজশাহী, বগুড়া, রংপুর ও পাবনাগামী অসংখ্য যানবাহনের চাপ থাকে গুরুত্বপূর্ণ এ সড়কসংযোগে। যানবাহনের বাড়তি চাপ ও ভোগান্তি কমাতে সেখানে নির্মাণ করা হচ্ছে আধুনিক হাটিকুমরুল ইন্টারচেঞ্জ। এটি চালু হলে উত্তরাঞ্চলের ১৬ জেলার যানবাহন চলাচল আরও সহজ ও নির্বিঘ্ন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। প্রায় ৭৩৮ কোটি টাকা ব্যয়ে ১৪৭ একর জমির ওপর নির্মাণাধীন এ প্রকল্পটি সাসেক-২-এর আওতায় বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করছে চায়না রেলওয়ে কনস্ট্রাকশন ব্রিজ ইঞ্জিনিয়ারিং ব্যুরো গ্রুপ কোম্পানি লিমিটেড (সিআরবিজি)। ২০২২ সালে প্রকল্পের নির্মাণকাজ শুরুর কথা থাকলেও জমি অধিগ্রহণ প্রক্রিয়ায় সময় বেশি লাগায় নির্ধারিত সময়ে কাজ শুরু করা সম্ভব হয়নি। জমি অধিগ্রহণ শেষ হওয়ার পর ২০২৩ সালের ডিসেম্বর থেকে প্রকল্পের মূল নির্মাণকাজ শুরু হয়। এতে প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের তুলনায় পিছিয়ে যায়। পরে প্রকল্পের মেয়াদও বাড়ানো হয়। বর্তমানে প্রকল্পের প্রায় ৭৫ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকি কাজও দ্রুত এগিয়ে চলছে। সংশ্লিষ্টরা আশা করছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে পুরো নির্মাণকাজ শেষ করা সম্ভব হবে। প্রকল্পের নকশা অনুযায়ী, ইন্টারচেঞ্জে ঢাকামুখী অংশে ৭৫৫ মিটার, পাবনামুখী অংশে ৯৮০ মিটার, রাজশাহীমুখী অংশে ৮০০ মিটার এবং রংপুরমুখী অংশে ৮১০ মিটার সড়ক নির্মাণ করা হচ্ছে। এর সঙ্গে থাকছে ছয়টি পৃথক র্যাম্প ও একটি গ্রাউন্ড রোড। দ্রুতগতির যানবাহনের জন্য পৃথক র্যাম্প এবং ধীরগতির যানবাহনের জন্য গ্রাউন্ড রোড ব্যবহারের ব্যবস্থা রাখা হয়েছে। হাটিকুমরুলে ঢাকা-বগুড়া, ঢাকা-রাজশাহী ও ঢাকা-পাবনা মহাসড়কের সংযোগ রয়েছে। উত্তরাঞ্চলের ১৬ জেলার সঙ্গে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এ সড়কসংযোগটি। ইন্টারচেঞ্জ চালু হলে যানজট ও যাতায়াতের ভোগান্তি কমার পাশাপাশি যাত্রী ও পণ্য পরিবহন আরও সহজ ও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
হাটিকুমরুল ইন্টারচেঞ্জ প্রকল্পের ব্যবস্থাপক সরফরাজ হোসেন “দৈনিক সংবাদ”কে জানান,২০২২ সালে কাজ শুরু হওয়ার কথা থাকলেও জমি অধিগ্রহণে জটিলতায় নির্ধারিত সময়ে কাজ শুরু করা সম্ভব হয়নি। ২০২৩ সালের ডিসেম্বর থেকে মূল নির্মাণকাজ শুরু হয়েছে। পরবর্তী সময়ে প্রকল্পের মেয়াদও বাড়ানো হয়েছে। তিনি আরো জানান, প্রকল্পের প্রায় ৭৫ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আশা করছি, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বাকি কাজ শেষ করা সম্ভব হবে।
উত্তরকোণ
হাটিকুমরুল ইন্টারচেঞ্জের ৭৫ শতাংশ কাজ শেষ, চালু হলে বদলে যাবে উত্তরবঙ্গের যোগাযোগ চিত্র

