উত্তরকোণ

বিশ্ব শিক্ষক দিবসে বগুড়ায় র‌্যালি ও আলোচনা সভা

বিশ্ব শিক্ষক দিবসে বগুড়ায় র‌্যালি ও আলোচনা সভা

স্টাফ রিপোটারঃ বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বগুড়ায় র‌্যালি ও আলোচনা সভা হয়েছে। ৫ অক্টোবর সোমবার বগুড়া জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে র‌্যালি উদ্বোধন করা হয়। শহীদ টিটু মিলনায়তনে আলোচনা সভা আয়োজন করে বগুড়া জেলা শিক্ষা অফিস ও জেলা প্রশাসন। শিক্ষকের পাশে, পেশাগত সুরক্ষার মর্যাদা বৃদ্ধি ও ভবিষ্যৎ গড়ার ৬০ বছর শীর্ষক প্রতিপাদ্যে কর্মসূচি পালিত হয়। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা এমপি। তিনি বলেন, জ্ঞানভিত্তিক, মানবিক, উন্নত সমাজ গঠনে শিক্ষকের ভূমিকা অপরিসীম। পেশাগত মর্যাদা, নিরাপদ কর্মপরিবেশ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে শিক্ষার মান আরও উন্নত হবে। পরিবর্তিত সময় এবং প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়া সিটি কর্পোরেশন প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার। স্বাগত বক্তব্য রাখেন বগুড়া জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ। আলোচনা সভায় শিক্ষা বিভাগের কর্মকর্তা, সরকারি বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার: