সিরাজগঞ্জ প্রতিনিধি: যমুনার ভাঙনে বারবার ঘর হারিয়েছেন সিরাজগঞ্জে শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নের ধীতপুর গ্রামের ৭০ বছর বয়সী ফাহিমা বেগম। জীবনের ৪৫ বছরে ১০ বার বসতভিটা হারিয়ে এখন অন্যের জমিতে কোনোমতে ঘর তুলে আছেন। কিন্তু সেই আশ্রয়টুকুও এখন নদীর ভাঙনের মুখে। তাই প্রতিদিনই তাঁর মনে একটাই ভয় কখন আবার মাথা গোঁজার ঠাঁইটুকুও নদীতে চলে যায়। ফাহিমার ছেলে আব্দুর রহমান জানান, নদী থেকে বাড়ি অনেক দূরে মনে হচ্ছিল। পানি দেখে ভাত খেতে বসেছিলাম। খাওয়া শেষ করার আগেই দেখি আমাদের বাড়ি নদীতে চলে যাচ্ছে। যমুনার তীব্র ভাঙনে এমন অসংখ্য পরিবারের জীবন-জীবিকা বিপর্যস্ত হয়ে পড়েছে। ইতোমধ্যে বারোপাখিয়া গ্রামটি নদীগর্ভে বিলীন হয়ে মানচিত্র থেকে মুছে গেছে। ধীতপুর কুরসি, বাঙ্গালাসহ কয়েকটি গ্রামের অর্ধেকের বেশী বসতভিটা ও আবাদি জমি নদী গর্ভে চলেগেছে। চারদিকে যমুনা নদীবেষ্টিত সোনাতনী ইউনিয়নের মানুষের দুর্ভোগ শুধু ভাঙনেই সীমাবদ্ধ নয়। যোগাযোগব্যবস্থাও অত্যন্ত নাজুক। উপজেলা বা জেলা সদরে যেতে হলে নৌকাই একমাত্র ভরসা। ইউনিয়নের ভেতরে একটি মোটরসাইকেল বা ভ্যান-রিকশাও নেই। ফলে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে হয় পায়ে হেঁটে। নেই কোনো হাসপাতালও। কেউ গুরুতর অসুস্থ হলে বা জরুরি চিকিৎসার প্রয়োজন হলে নৌকায় নদী পেরিয়ে যেতে হয় অন্য এলাকায়। ভাঙন, যোগাযোগ ও চিকিৎসাসংকট মিলিয়ে সোনাতনীর মানুষের জীবন যেন প্রতিনিয়ত দুর্ভোগের সঙ্গে লড়াই। তথ্য অনুযায়ী, ৩১ দশমিক ০৩ বর্গকিলোমিটার আয়তনের সোনাতনী ইউনিয়নে ১৭টি গ্রাম ও ২৪ হাজার ২৩১ জন মানুষের বসবাস। এর মধ্যে মাকড়া, ধীতপুর, কুরসি, বারপাখিয়া ও বাঙ্গালা সহ কয়েকটি গ্রাম সাম্প্রতিক সময়ে যমুনার ভাঙনের কবলে পড়েছে।স্থানীয়রা জানান, গত এক বছরে বাঙ্গালা, ধীতপুর ও কুরসি এলাকায় প্রায় তিন থেকে চার শতাধিক বাড়িঘর নদীতে বিলীন হয়েছে। এর মধ্যে ধীতপুর ও কুরসি এলাকায় দুই শতাধিক বাড়িঘর, তিনটি মসজিদ, একটি মাদরাসা, দুটি প্রাথমিক বিদ্যালয় ও পল্লী বিদ্যুতের একটি অভিযোগ কেন্দ্র। পাশাপাশি প্রায় তিন হাজার বিঘা আবাদি জমি হারানোর কথাও জানিয়েছেন তারা। ধীত পুর ও কুরসী গ্রামের মোসলেম ও কাদের বলেন, বসতভিটার সঙ্গে সামান্য যে জমি টুকু ছিল, সেটিও নদীতে চলে গেছে। আমাদের গোষ্ঠীর প্রায় সবাই এখন ভূমিহীন। সব হারিয়ে এখন কোথায় গিয়ে দাঁড়াব, সেটি বুঝতে পারছি না। রাবেয়া,আন্জুয়ারা বেগম বলেন, বারবার ঘর হারিয়ে আবার ঘর তুলেছি। নদী প্রতিবারই তা কেড়ে নিয়েছে। এখন রাতে ঘুমাতে গেলেও ভয় হয়, কখন ঘরটাও নদীতে চলে যায়। সবজি ব্যবসায়ী আবু সামা বলেন, ধীতপুর গ্রামের একটি বাজার ছিল। সেখানে ব্যবসা করে জীবিকা নির্বাহ করতাম, সেই হাট নদীতে বিলীন হয়ে যাওয়ায় ব্যবসা বন্ধ হয়ে গেছে। এখন স্ত্রী-সন্তান নিয়ে কষ্টে জীবন পার করছি। ধীতপুর গ্রামের রওশনারা বলেন, ‘যমুনা নদীর ভাঙনে আমার ঘরবাড়ি ও জায়গা-জমি সব হারিয়েছি। এখন ছেলে-মেয়েদের নিয়ে অন্যের জায়গায় একটি ঝুপড়ি ঘরে খুব কষ্টে দিন কাটাচ্ছি। নিজের বলতে আর কিছুই নেই। সরকারিভাবে যদি আমাকে বসবাসের উপযোগী একটি ঘর করে দেওয়া হতো, তাহলে ছেলে-মেয়েদের নিয়ে একটু স্বস্তিতে থাকতে পারতাম। ধীতপুর ও কুরসি গ্রামের আকবর আলী, সোবাহান বলেন, প্রতিদিনই মানুষের ঘরবাড়ি ও জমি নদীতে যাচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে আরও অনেক পরিবার নিঃস্ব হয়ে যাবে। সোনাতনী ইউনিয়ন পরিষদের সদস্য সেলিম হোসেন বলেন, ভাঙনে অনেক পরিবার বসতভিটা ও জমি হারিয়েছে। এখনই কার্যকর ব্যবস্থা না নিলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে। যমুনার ভাঙনে বিদ্যালয় হারিয়েছে ধীতপুর গ্রামের শিক্ষার্থী সাথী, খাদিজা, সুমাইয়া, সবুজ ও রবিউল জানান, আমাদের স্কুলটি নদীতে বিলীন হয়ে গেছে। এখন মাদরাসার টিনের ঘরে ক্লাস করতে হয়। চারদিকে পানি থাকায় নিয়মিত স্কুলেও যেতে পারি না। ঘরবাড়ি হারিয়েও আমরা পড়াশোনা চালিয়ে যেতে চাই। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাজ্জাত হোসেন বলেন, সোনাতনী ইউনিয়নে বর্তমানে ভাঙনরোধে কোনো প্রকল্প চলমান নেই। তবে চরাঞ্চলের উন্নয়নে একটি প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। সেটি বাস্তবায়ন হলে ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হবে। শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন বলেন, ‘ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে ক্ষয়ক্ষতির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডকে বলা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। স্থানীয়দের দাবি, প্রকল্পের অপেক্ষায় না থেকে জরুরি ভিত্তিতে জিওব্যাগ বা জিওটিউব ফেলে ভাঙন ঠেকাতে হবে। পাশাপাশি নদীতে বসতভিটা হারানো পরিবারগুলোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় সরকারকে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
উত্তরকোণ
যমুনার ভাঙনে সিরাজগঞ্জের শাহজাদপুরে ৪ শত পরিবার নিঃস্ব

