সিরাজগঞ্জ: যান্ত্রিক চাষাবাদের যুগে ঘোড়ার হাল এখন প্রায় হারিয়ে গেছে। তবে জীবিকার তাগিদে সেই পুরোনো পদ্ধতিই ধরে রেখেছেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কৃষক শফিকুল ইসলাম। একটি ঘোড়াকে সঙ্গে নিয়েই চলছে তাঁর সংসারের বাড়তি আয়ের পথ। জানা যায়, উপজেলার তালম ইউনিয়নের বড়ইচড়া গ্রামের শফিকুল ইসলাম প্রায় পাঁচ বছর আগে ২৪ হাজার টাকায় একটি ঘোড়া কেনেন। সেই থেকে ঘোড়াটিই যেন তাঁর জীবন সঙ্গী। ভোরে মাঠে নিয়ে যাওয়া থেকে শুরু করে কাজ শেষে যত্ন নেওয়া সবকিছুতেই রয়েছে মায়া। শফিকুলের কাছে এটি শুধু কাজের প্রাণী নয়, সংসারের প্রয়োজনে পাশে থাকা এক নির্ভরতার নাম। বৃহস্পতিবার সকালে তালম ইউনিয়নের গোন্তা গ্রামের মাঠে দেখা যায়, ঘোড়ার সাহায্যে অন্যের জমিতে মই দিচ্ছেন । শফিকুল ইসলাম বলেন, ঘোড়াটি আমার সংসারের আয়ের সঙ্গী। তাই নিজের সন্তানের মতোই যত্ন করি। আমন ও বোরো মৌসুম মিলিয়ে বছরে ঘোড়া থেকে যা আয় হয় তা দিয়েই আমি সংসার চালাই। প্রতি বিঘা জমিতে মই দেওয়ার জন্য দুইশত থেকে দুইশত পঞ্চাশ টাকা পাই। দিনে প্রায় পাঁচ থেকে ছয় বিঘা জমিতে মই দেওয়া যায়। তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা বলেন, ঘোড়া দিয়ে জমিতে মই দেওয়ার ঘটনা এখন বিরল। শফিকুল বাড়তি আয়ের জন্য এটি ব্যবহার করছেন। তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন, ঘোড়া দিয়ে কৃষিকাজ করে একজন কৃষক জীবিকা নির্বাহ করছেন বিষয়টি আমার জানা ছিল না। আপনার মাধ্যমে জানতে পারলাম। তার বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
উত্তরকোণ
আধুনিক কৃষির ভিড়ে সিরাজগঞ্জে ঘোড়ার হালেই জীবিকার লড়াই

