সিরাজগঞ্জ:সিরাজগঞ্জের কামারখন্দে অবৈধভাবে ইউরিয়া সার মজুদের দায়ে এক সার ডিলারকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁর বাড়ি থেকে ১৮ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। দণ্ডপ্রাপ্ত মনিরুল ইসলাম (৪৫) উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ছোট ধোপাকান্দি গ্রামে এ অভিযান চালানো হয়। মনিরুল ইসলাম ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে মনিরুল ইসলামের বাড়ি থেকে ১৮ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, অবৈধভাবে সার মজুদের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পাওয়া যায়। সার ডিলার মনিরুল ইসলাম তাঁর গুদাম থেকে সার এনে বাড়িতে মজুদ করে ছিলেন। এ ঘটনায় সার ব্যবস্থাপনা আইনে তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানের সময় উপজেলা কৃষি কর্মকর্তা ফরিদ হোসাইন, কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উত্তরকোণ
সিরাজগঞ্জে ১৮ বস্তা ইউরিয়া জব্দ, সার ডিলারকে ২৫ হাজার টাকা জরিমানা

