উত্তরকোণ

সিরাজগঞ্জে সাংবাদিকের উপর হামলা ও বাড়িঘর ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন

সিরাজগঞ্জে সাংবাদিকের উপর হামলা ও বাড়িঘর ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গায় সাংবাদিক শাহরিয়ার মোর্শেদের ওপর হামলা এবং তাঁর বাড়ি ঘর ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে হাটিকুমরুল গোলচত্বরে হাটিকুমরুল প্রেস ক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় । মানববন্ধনে বক্তারা সাংবাদিক শাহরিয়ার মোর্শেদের ওপর হামলার নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। তারা আরও বলেন, সাংবাদিকরা জনস্বার্থে তথ্য তুলে ধরবেন। তাই সাংবাদিকের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বক্তারা অভিযোগ করেন, মাদক সেবনের ভিডিও ধারণ ও প্রকাশকে কেন্দ্র করে শাহরিয়ার মোর্শেদের ওপর হামলার ঘটনা ঘটেছে। একই সঙ্গে হাটি কুমরুল-নাটোর মহাসড়কের ইন্টারচেন্স এলাকায় মাদক সেবন ও বিক্রির অভিযোগে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানান তারা। মানববন্ধনে সাংবাদিক কারিকুল ইসলাম, রফিকুল ইসলাম, আব্দুর রশিদ খান, খায়ুম মাহমুদ,সোহেল রানা, শাহরিয়ার মোর্শেদ ও জাকির হোসেনসহ স্থানীয় সাংবাদিকরা বক্তব্য দেন। উল্লেখ্য গত ২৯ সেপ্টেম্বরে হাটিকুমরুল ইন্টারচেন্স এলাকায় মাদক সেবন ও বিক্রির ভিডিও ধারণ ও সংবাদ প্রচারের জেরে সাংবাদিক মোর্শেদের উপর হামলা এবং বাড়িঘর ভাংচুর ও লুট পাটের ঘটনা ঘটে। এ ব্যাপারে ঐদিনে তিনি সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। শাহরিয়ার মোর্শেদ দৈনিক আজকের জনবাণী পত্রিকার সলঙ্গা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

 

শেয়ার: