সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে অভিযান চালিয়ে চোরাই ৯৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ আন্তজেলা চোরচক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোর আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন—মো. রবিউল (৩৩), আলাউদ্দিন (২৫), ইসরাফিল (২৭), হৃদয় (৩৫), আলামিন (৩০), আক্কাস (৩৫), ইমরান (৩০) ও ইয়াসিন আরাফাত (৩৮)। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোরে বগুড়ার ধুনট উপজেলার মাসুদ টেলিকমের শাটার কেটে ৯৪টি মোবাইল ফোন চুরি করে চক্রটি। পরে দুটি সিএনজি অটোরিকশায় করে শেরপুর বাসস্ট্যান্ডে যায় তারা। সেখান থেকে শ্যামলী পরিবহনের একটি বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। চুরির ঘটনায় সিসিটিভি ফুটেজ ও স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের গতিবিধি শনাক্ত করা হয়। পরে ধুনট থানা, হাইওয়ে পুলিশ ও যমুনা সেতু পশ্চিম থানা পুলিশের সমন্বিত অভিযানে শ্যামলী পরিবহনের বাসটি থামিয়ে আটজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া ৯৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিরুল ইসলাম বলেন, সমন্বিত অভিযানে চোরচক্রের আট সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে চুরি যাওয়া ৯৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা। এ ঘটনায় বগুড়ার ধুনট থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তারদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ধুনট থানায় হস্তান্তর করা হয়েছে।
উত্তরকোণ
সিরাজগঞ্জে ২৫ লাখ টাকার চোরাই মোবাইলসহ আন্তজেলা চোরচক্রের ৮ সদস্য গ্রেপ্তার

