উত্তরকোণ

সিরাজগঞ্জে ১ হাজার ৫৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, বাড়ছে শিক্ষক সংকট

সিরাজগঞ্জে ১ হাজার ৫৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, বাড়ছে শিক্ষক সংকট

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করেছে। জেলার ১ হাজার ৬ শত ৭৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১ হাজার ৫৬টিতেই প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এতে এসব বিদ্যালয়ে প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রমের পাশাপাশি নিয়মিত পাঠদানেও নানা সমস্যা সৃষ্টি হচ্ছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, জেলার মধ্যে সবচেয়ে বেশি প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে উল্লাপাড়া উপজেলায়। এ উপজেলায় ২৭৮টি বিদ্যালয়ের মধ্যে ১৬৮টিতে প্রধান শিক্ষক নেই। এছাড়া কাজীপুরে ২৩৭টির মধ্যে ১৫৯টি, শাহজাদপুরে ২২৪টির মধ্যে ১৫৫টি, সিরাজগঞ্জ সদরে ২৪৮টির মধ্যে ১৪০টি, রায়গঞ্জে ১৮৫টির মধ্যে ১১৩টি, বেলকুচিতে ১৫৪টির মধ্যে ১০৩টি, তাড়াশে ১৩৬টির মধ্যে ৯৭টি, চৌহালীতে ১২৮টির মধ্যে ৯০টি এবং কামারখন্দে ৮৩টির মধ্যে ৩১টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। প্রধান শিক্ষক না থাকায় অধিকাংশ বিদ্যালয়ে জ্যেষ্ঠ সহকারী শিক্ষকদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হচ্ছে। এতে তাদের নিয়মিত পাঠদানের পাশাপাশি প্রশাসনিক ও দাপ্তরিক কাজও সামলাতে হচ্ছে। ফলে শ্রেণিকক্ষে পর্যাপ্ত সময় দেওয়া কঠিন হয়ে পড়ছে। রায়গঞ্জ উপজেলার দাদপুর পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অর্চনা রানী বলেন, প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় দীর্ঘদিন ধরে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। এতে দাপ্তরিক কাজের চাপ বেড়েছে। পাশাপাশি নিয়মিত পাঠদানে প্রয়োজনীয় সময় দেওয়া কঠিন হয়ে পড়ছে।”
তাড়াশ উপজেলার পংরৌহালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হামিদ বলেন, প্রধান শিক্ষকের পদ শূন্য থাকার পাশাপাশি সহকারী শিক্ষকও কম রয়েছে। ফলে শ্রেণি কার্যক্রম পরিচালনায় চাপ তৈরি হচ্ছে। শিক্ষক সংকটের কারণে সব শ্রেণিতে নিয়মিত পাঠদান নিশ্চিত করাও কঠিন হয়ে পড়েছে।
এদিকে প্রধান শিক্ষকের পাশাপাশি সহকারী শিক্ষক পদেও রয়েছে বড় ধরনের ঘাটতি। জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে অনুমোদিত ৯ হাজার ৩৭৩টি সহকারী শিক্ষক পদের বিপরীতে কর্মরত রয়েছেন ৮ হাজার ৫২৬ জন। ফলে শূন্য রয়েছে ৮৪৭টি পদ। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাহাব উদ্দিন বলেন, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের শূন্য পদ পূরণের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার: