উত্তরকোণ

বজ্রপাত রোধ ও সবুজায়নের লক্ষ্যে দেবীগঞ্জে তাল বেলালের ২ হাজার তালবীজ রোপণ

বজ্রপাত রোধ ও সবুজায়নের লক্ষ্যে দেবীগঞ্জে তাল বেলালের ২ হাজার তালবীজ রোপণ

পঞ্চগড় প্রতিনিধঃ পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন এবং প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে বজ্রপাত মোকাবিলায় পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই হাজার তালগাছের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ‘সবুজের পথে নতুন অঙ্গীকার’ স্লোগানকে সামনে রেখে দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের গাববাড়ী এলাকায় এই মহতী উদ্যোগ নেওয়া হয়।স্থানীয় সামাজিক সংগঠন ‘হিলফুল ফুজুল যুব সংগঠন’ এই কর্মসূচি বাস্তবায়ন করছে। এই পরিবেশবান্ধব কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করেছেন দেশের শ্রেষ্ঠ বৃক্ষরোপণকারী হিসেবে দেশজুড়ে পরিচিত বৃক্ষপ্রেমী ও নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদুন নবী বেলাল (যিনি ‘তাল বেলাল’ নামে খ্যাত)। উল্লেখ্য, এই বৃক্ষপ্রেমী ইতিপূর্বে নওগাঁ-রাজশাহী মহাসড়কের দুপাশে প্রায় ৭৫ কিলোমিটার জুড়ে তালগাছসহ বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে দেশজুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। এর পাশাপাশি তিনি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরে দৃষ্টিনন্দন চেরি ফুলের চারা রোপণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এবার তাঁরই সহযোগিতায় পঞ্চগড়ে এই সবুজায়নের ছোঁয়া লাগলো। গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে গাববাড়ী এলাকায় আনুষ্ঠানিকভাবে এই তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের এই চ্যালেঞ্জিং সময়ে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ পৃথিবী গড়তে গাছ রোপণের বিকল্প নেই। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে বজ্রপাতে মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বেড়েছে, যা রোধে তালগাছ অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখতে পারে। তরুণেরা যেভাবে পরিবেশ রক্ষায় এগিয়ে এসেছে, তা সত্যিই প্রশংসনীয়।”কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইন্দ্রজিত সাহা, দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া এবং নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদুন নবী বেলাল।উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার সহসভাপতি আসাদুজ্জামান খান চৌধুরী আপেল, অর্থ সম্পাদক তানিয়া ফেরদৌসী, সদস্য পারুল আক্তার, সবুজ হোসেন, আব্দুল হালিম, আন্তর আহম্মেদ প্রমুখ।এছাড়াও রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, পামুলী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বাশার প্রধান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক আরিফ প্রধান, এবং ওয়ার্ড বিএনপির সভাপতি জয়নাল আবেদীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।ব্যতিক্রমী এই আয়োজন ও পুরো অনুষ্ঠানটি সফল করতে অগ্রণী ভূমিকা পালন করেন হিলফুল ফুজুল যুব সংগঠনের অন্যতম নেতা সাজ্জাদ হোসেন ও আসাদুজ্জামান নূর প্রথমসহ সংগঠনের একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবক।আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, গ্রামীণ সড়কের সৌন্দর্য বৃদ্ধি, মাটির ক্ষয়রোধ এবং বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে এলাকাবাসীকে সুরক্ষা দিতেই তাদের এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য সড়ক ও খালি জায়গায় এই রোপণ কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার: