উত্তরকোণ

পাবনা বিসিক এর ভারপ্রাপ্ত ডিজিএম শামীমের অপসারণ দাবি শিল্প মালিক ও ব্যবসায়ীদের

পাবনা বিসিক এর ভারপ্রাপ্ত ডিজিএম শামীমের অপসারণ দাবি শিল্প মালিক ও ব্যবসায়ীদের

পাবনা প্রতিনিধি: পাবনা বিসিক শিল্পনগরীর ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শামীম হোসেনের অনিয়ম, দুর্নীতি, ঘুষ গ্রহণের প্রতিবাদে তার দ্রুত অপসারণ ও চূড়ান্ত বরখাস্তের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় শিল্প মালিক ও ব্যবসায়ীরা। রবিবার (২৭ সেপ্টেম্বর) দুুপুরে পাবনা বিসিক শিল্পনগরী এলাকায় শিল্প মালিক সমিতি, বিসিক শিল্পনগরী, পাবনা-এর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, অভিযুক্ত কর্মকর্তা শামীম হোসেন দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও ঘুষ বাণিজ্যের সাথে জড়িত। অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অপসারণ করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানান আন্দোলনকারীরা। মানববন্ধন শেষে ব্যবসায়ীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, অচিরেই যদি এই বিতর্কিত কর্মকর্তাকে বদলি ও বরখাস্ত না করা হয়, তবে পাবনা বিসিকের সমস্ত মিল-কারখানা বন্ধ রেখে আরও কঠোর ও জোরদার আন্দোলনের পথ বেছে নেওয়া হবে। কর্মসূচিতে বক্তব্য দেন ব্যবসায়ী নেতা জহুরুল ইসলাম বাচ্চু ও আব্দুস সেলিম। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বিসিক মিল মালিক আহ্বায়ক কমিটির সদস্য এবং নাসিবের সভাপতি এম এ মান্নান, আব্দুল খালেক, মো. আব্দুল্লাহ, শফিকুল ইসলাম, সুক চাঁদ, ভরত ঘোষ, প্রফেসর অলিউল ইসলামসহ প্রায় শতাধিক মিল মালিক ও স্থানীয় ব্যবসায়ী অংশ নেন। এদিকে, অভিযুক্ত পাবনা বিসিকের ভারপ্রাপ্ত ডিজিএম শামীম হোসেন দাবি করেন, সাধারণ ব্যবসায়ীদের সাথে তার কোনো সমস্যা নেই। আন্দোলনরত শতাধিক মিল মালিক ও ব্যবসায়ী প্রসঙ্গে তার ভাষ্য, আমি তাদের প্রকৃত ব্যবসায়ী বা মিল মালিক মনে করি না। এছাড়া কোনো বক্তব্য দেব না, যে যা পারে করুক।

শেয়ার: