উত্তরকোণ

বগুড়ায় যুবদল-স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বগুড়ায় যুবদল-স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোটারঃ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বগুড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল বগুড়া জেলা শাখার যৌথ আয়োজনে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকালে কর্মসূচিতে বৃষ্টি উপেক্ষা করে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতাল মাঠ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সাতমাথায়, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বগুড়ার দস্তবাড়ী থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সাতমাথায় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া সরকারী আযিযুল হক কলেজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথায় এসে শেষ হয়। সাতমাথায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা বলেন, বলেন, ‘যারা বাংলাদেশকে উপনিবেশ করতে চায়, যারা বাংলাদেশকে একটি চাটুকার, তাঁবেদার রাষ্ট্র করতে চায়, তাদের বিরুদ্ধে বিএনপি রাস্তায় রাস্তায়, মোড়ে মোড়ে, পথে-প্রান্তরে কঠিন ব্যারিকেড গড়ে তুলবে। তিনি বলেন, বিরোধী দল যেভাবে লংমার্চ করছে এবং সরকারকে ফেলে দেওয়ার ঘোষণা দিয়েছে, তাতে বোঝা যায় তারা হাসিনার পথ অনুসরণ করছে। বিরোধী দলের কর্মসূচি দেশের জনগণ পছন্দ করছে না। মানুষ এরকম সহিংস আর কিছু দেখতে চায় না। বিএনপি দেশকে শাসন করার দায়িত্ব নেয়নি, বরং সেবা দেওয়ার দায়িত্ব নিয়েছে। বিরোধী দল মনে করছে, হুমকি-ধমকি দিলে হয়তো সরকার পড়ে যাবে। নাশকতা ও হুমকি-ধমকি দেওয়ার রাজনীতি আর চলবে না। এমপি রেজাউল করিম বাদশা বলেন, ‘জাতিসঙ্ঘের বক্তব্যে সারা বিশ্বে মানুষের কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।’ বক্তব্যের প্রশংসা করে তিনি প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও ধন্যবাদ জানান। বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ( ভারপ্রাপ্ত) মোশারফ হোসেন এমপি। আরো বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। সমাবেশে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচি চলাকালে বৃষ্টি শুরু হলেও নেতাকর্মীদের উপস্থিতিতে কোনো ভাটা পড়েনি। বৃষ্টিতে ভিজেই তারা মিছিল ও সমাবেশে অংশ নেন।

শেয়ার: