উত্তরকোণ

সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার ৩

সোহেল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে চাঁদা দাবি, শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের তৃতীয় বর্ষের ওই ছাত্রী বাদী হয়ে শাহজাদপুর থানায় চারজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার আসামিরা হলেন- শাহজাদপুর উপজেলার ডাকবাংলাপাড়া এলাকার মো. তারেক রানা (৩৬), মো. সামাদ ওরফে সাহাবউদ্দিন, মো. হোসেন আলী (৪৮) ও মো. চয়ন ইসলাম (২৭)। এজাহার সূত্রে জানা যায়, ওই ছাত্রী ডাকবাংলাপাড়ার একটি বাসার তৃতীয় তলায় মেসে থাকেন। গত ২১ সেপ্টেম্বর রাতে তার এক পুরুষ বন্ধু মেসে এলে কিছুক্ষণ পর চলে যান। পাশের একটি বিকাশ অফিসের সিসিটিভি ক্যামেরায় ওই ঘটনার দৃশ্য ধারণ হয়। এজাহারে অভিযোগ করা হয়, ২৩ সেপ্টেম্বর সকালে বিকাশ অফিসের কয়েকজন তাকে ডেকে সিসিটিভি ফুটেজ দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে ফুটেজ ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। পরে ওই দিন রাতে তাকে আবার অফিসে ডেকে নেওয়া হয়। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তার কাছে সোনার চেইন দাবি করা হয়। একপর্যায়ে অন্যরা বাইরে চলে গেলে তারেক রানা তাকে দেয়ালের সঙ্গে চেপে ধরে শ্লীলতাহানি ও ধর্ষণের উদ্দেশ্যে পোশাক খুলতে চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়। এ সময় সামাদ তাকে জাপটে ধরে শ্লীলতাহানি করেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন ওই ছাত্রী। একপর্যায়ে তিনি সেখান থেকে বেরিয়ে রাস্তায় এলে স্থানীয় কয়েকজন এগিয়ে আসেন। পরে অভিভাবক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে পরামর্শ করে থানায় মামলা করেন তিনি। শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পাওয়ার পরপরই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

শেয়ার: