মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা আর উচ্চশিক্ষার অঙ্গনে নতুন পথচলার উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছে মোকামতলা মীর শাহে আলম-ছাত্তার তালুকদার মহাবিদ্যালয়। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া ৩৫০ জনেরও বেশি নবাগত শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে পরিচিতি সভা। নতুন প্রতিষ্ঠানে নিজেদের প্রথম আনুষ্ঠানিক আয়োজনে শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনা ও প্রাণবন্ত উপস্থিতিতে পুরো আয়োজন হয়ে ওঠে উৎসবমুখর। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) কলেজ প্রাঙ্গণে আয়োজিত পরিচিতি সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোঃ আতিকুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মোকামতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, প্রতিমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা অধ্যাপক নজরুল ইসলাম, মোকামতলা উপজেলা বিএনপির সদস্য সচিব রোকন-উদ-দৌলা রুবেল, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন ফটু, জমিদাতা মাহমুদুল হাসান চয়ন প্রমুখ। বক্তারা নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে তাদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা, নৈতিকতা ও দেশপ্রেমের চেতনায় নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে নতুন এই শিক্ষাপ্রতিষ্ঠানকে উচ্চশিক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। প্রসঙ্গত, উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত এ জনপদের শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে মোকামতলা মীর শাহে আলম-ছাত্তার তালুকদার মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া ৩৫০ জনের বেশি শিক্ষার্থীকে ঘিরে কলেজটিতে তৈরি হয়েছে নতুন প্রাণচাঞ্চল্য। নবীনদের উচ্ছ্বাস ও স্বপ্নময় পদচারণায় মুখর হয়ে উঠেছে প্রতিষ্ঠানটির ক্যাম্পাস। অনুষ্ঠানে নবাগত সকল শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষক/শিক্ষিকাবৃন্দ।
উল্লেখ্য, অনগ্রসর এলাকার শিক্ষার প্রসার এগিয়ে নিতে কলেজটি প্রতিষ্ঠা করেন স্হানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
উত্তরকোণ
নতুন স্বপ্ন, নতুন পথচলা—মোকামতলা মীর শাহে আলম-ছাত্তার তালুকদার মহাবিদ্যালয়ে নবীণ শিক্ষার্থীদের পরিচিতি সভা

