শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে মাইক্রোবাসচালক সহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৭জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের ফারুক মন্ডলের ছেলে মাইক্রোবাসচালক ফেরদৌস মন্ডল (২৫) ও বারইল গ্রামের হাসের আলীর ছেলে জুবায়েদুল ইসলাম (৩০)। পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশফেরত এক ব্যক্তিসহ তাঁর সাত স্বজনকে নিয়ে মাইক্রোবাসটি আক্কেলপুর যাচ্ছিল। নয়মাইল এলাকায় মাইক্রোবাসটি ভুল করে বিপরীত লেনে গেলে বিপরীত দিক থেকে আসা ভুট্টাবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত সাতজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেরপুর হাইওয়ে পুলিশের ওসি আইয়ুব আলী বিষয়টি নিশ্চিত করেছেন।শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান,নিহতদের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
উত্তরকোণ
শাজাহানপুরে নয়মাইলে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৭

