সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।। কুড়িগ্রামের ফুলবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক আহম্মদ আলী পোদ্দার রতনকে (৫৭) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের চন্দ্রখানা বাজারের খামার এলাকার নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাইম গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। আহম্মদ আলী পোদ্দার রতন চন্দ্রখানা বাজারের খামার এলাকার মৃত জালাল উদ্দিন পোদ্দারের ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পুলিশ জানায়, গত আগস্ট মাসে ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে গত ১২ আগস্ট ফুলবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা করা হয়। ওই মামলার আসামি হিসেবে আহম্মদ আলী পোদ্দার রতনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারের পর তাকে কুড়িগ্রাম আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়। ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান নাইম সাংবাদিকদের জানান, গ্রেপ্তার আসামিকে মঙ্গলবার বিকেলে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার অন্য আসামিদের বিষয়ে আইনগত প্রক্রিয়া ও প্রয়োজনীয় অভিযান অব্যাহত রয়েছে।/
উত্তরকোণ
কুড়িগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফুলবাড়ী উপজেলার সাধারণ সম্পাদক গ্রেপ্তার

