উত্তরকোণ

সিরাজগঞ্জে জামায়াত নেতাকে মারধরের অভিযোগে বিএনপির ১০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জে জামায়াত নেতাকে মারধরের অভিযোগে বিএনপির ১০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে জামায়াতে ইসলামীর নেতা আব্দুস সবুর সেখকে মারধর ও কুপিয়ে আহত করার অভিযোগে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। আহত আব্দুস সবুর সেখের স্ত্রী শোহর বানু বাদী হয়ে শনিবার রাতে সদর থানায় মামলাটি করেন। মামলায় সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম সরকারসহ ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরো ৫ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে। সদর থানার ওসি রাকিবুল হাসান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, শনিবার দুপুরে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের গাড়িবহর যমুনা সেতু পার হয়ে সয়দাবাদ এলাকা অতিক্রম করার সময় আব্দুস সবুর সেখ নেতাকর্মীদের নিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে তাদের স্বাগত জানান। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা সেখানে বাধা দেওয়ার চেষ্টা করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। পরে প্রশাসনের হস্তক্ষেপে তারা ঘটনাস্থল ত্যাগ করেন।
পরে জোহরের নামাজ শেষে স্থানীয় একটি মসজিদ থেকে বের হওয়ার সময় আব্দুস সবুর সেখকে একা পেয়ে কয়েকজন তার ওপর হামলা চালায় বলে মামলায় অভিযোগ করা হয়। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও মারধর করে তাকে আহত করা হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে। আহত আব্দুস সবুর সেখকে প্রথমে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরের তিনটি স্থানে জখম হয়েছে বলে জানা গেছে। আব্দুস সবুর সেখ সয়দাবাদ ইউনিয়ন জামায়াতের সাবেক আমির। তবে হামলার অভিযোগের বিষয়ে সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম সরকার বলেন, লংমার্চকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। পরে জামায়াতের পক্ষ থেকে ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এর জেরে কয়েকজন নেতাকর্মী আব্দুস সবুরকে কিল-ঘুষি মারেন। কাঠের চেলা দিয়ে আঘাতের কারণে তার শরীর থেকে রক্ত বের হয়ে থাকতে পারে। তবে কুপিয়ে জখম করার অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন তিনি। সদর থানার ওসি রাকিবুল হাসান বলেন, শনিবার রাতে মামলা হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে। বিক্ষোভ মিছিল শেষে জামায়াত নেতার মৃত্যু এদিকে আব্দুস সবুর সেখের ওপর হামলার প্রতিবাদে শনিবার রাতে সিরাজগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শহিদুল ইসলাম জানান, শহরের দরগারোডে জেলা জামায়াত কার্যালয় থেকে মিছিলটি বের হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল শেষে সদর উপজেলার গুনেরগাতি গ্রামের বাসিন্দা এবং খোকসাবাড়ী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সাবেক আমির দুলাল হোসেন রোকনী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত শহরের একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জেলা জামায়াতের নেতা শহিদুল ইসলাম জানান, দুলাল হোসেন রোকনী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

শেয়ার: