উত্তরকোণ

দুপচাঁচিয়ায় নজরুল বর্ষের উদ্বোধন

দুপচাঁচিয়ায় নজরুল বর্ষের উদ্বোধন

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন ও সৃষ্টিকর্মকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে দুপচাঁচিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে ৩১আগস্ট সোববার ‘নজরুল বর্ষ ২০২৬’ এ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের সভাপতিত্বে এবং সিনিয়র সহকারী শিক্ষক সুদেব কুন্ডুর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও ভালোবাসার কবি। তাঁর সাহিত্য ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। নজরুলের অসাম্প্রদায়িক ও মানবিক চেতনা ধারণ করে বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, নজরুলের কবিতা, গান ও সাহিত্যকর্ম বাঙালি জাতির সাংস্কৃতিক ও সামাজিক চেতনাকে সমৃদ্ধ করেছে। তাই নজরুল বর্ষ উদযাপনের মাধ্যমে শিক্ষার্থীদের তাঁর জীবন ও কর্ম সম্পর্কে জানার সুযোগ তৈরি হবে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) তৌহিদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সভাপতি আব্দুল হামিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন , দুপচাঁচিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেএম বেলাল হোসেন প্রমুখ। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার: