নুনগোলা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম হত্যা মামলায় নিজের নাম জড়িয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নুংগোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং বগুড়া সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শাহ আলম জনি। বুধবার (২৭ আগস্ট) দুপুরে বগুড়া প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান। লিখিত বক্তব্যে শাহ আলম জনি বলেন, গত ২৩ আগস্ট রাতে আশোকোলা গ্রামে সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যার ঘটনায় পুলিশ প্রশাসন ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। কিন্তু একটি কুচক্রী মহল রাজনৈতিক ও সামাজিক অবস্থান ক্ষুণ্ণ করতে এবং বিএনপির ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে তাকে ও তার রাজনৈতিক সংগঠনকে এই হত্যাকান্ডের সঙ্গে জড়িয়ে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে। সংবাদ সম্মেলনে তিনি আরও উল্লেখ করেন, অতীতে রাজনৈতিক হয়রানির শিকার হলেও তার বিরুদ্ধে চাঁদাবাজি বা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলা নেই। নিহত সাইফুলের বিরুদ্ধে মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে মদদ দেওয়ার বহু অভিযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সাইফুল ইসলাম হত্যাসহ এর পেছনে কারা জড়িত এবং এর সঙ্গে কোনো অপরাধ চক্রের যোগসূত্র রয়েছে কি না—তা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উন্মোচন করতে হবে। পাশাপাশি কোনো রাজনৈতিক পরিচয় বা চাপের ঊর্ধ্বে উঠে প্রশাসন যেন এই হত্যাকাণ্ডের এবং তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর একটি নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে—সংবাদ সম্মেলনে সেই বিশেষ দাবি জানান এই বিএনপি নেতা।
উত্তরকোণ
বগুড়ায় সাইফুল ইসলাম হত্যায় নিজেকে জড়িয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও নিরপেক্ষ তদন্তের দাবি শাহ আলম জনির

