উত্তরকোণ

বগুড়ায় হিমাগারে আলু সংরক্ষণে কেজিপ্রতি ৫.২০ টাকা ভাড়া কার্যকরের দাবিতে মানববন্ধন

বগুড়ায় হিমাগারে আলু সংরক্ষণে কেজিপ্রতি ৫.২০ টাকা ভাড়া কার্যকরের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃ জেলা প্রশাসনের নেতৃত্বে গঠিত সুপারিশ কমিটির সুপারিশ অনুযায়ী প্রতি কেজি আলু সংরক্ষণের হিমাগার ভাড়া ৫ টাকা ২০ পয়সা কার্যকর করার দাবিতে বগুড়ায় মানববন্ধন, প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টায় বগুড়া শহরের মাটিডালী বিমান মোড়ে সর্বস্তরের আলু চাষি ও ব্যবসায়ীদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে আলু চাষি, ব্যবসায়ীসহ সংশ্লিষ্টরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আলু উৎপাদন ও সংরক্ষণে কৃষক ও ব্যবসায়ীদের নানা ধরনের ব্যয় বহন করতে হচ্ছে। হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধি করা হলে উৎপাদনকারী ও ব্যবসায়ীদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হবে। এর নেতিবাচক প্রভাব বাজারে আলুর দামেও পড়তে পারে। তারা বলেন, জেলা প্রশাসনের নেতৃত্বে গঠিত সুপারিশ কমিটির সুপারিশ অনুযায়ী প্রতি কেজি আলু সংরক্ষণের হিমাগার ভাড়া ৫ টাকা ২০ পয়সা নির্ধারণের বিষয়টি দ্রুত কার্যকর করা হলে আলু চাষি ও ব্যবসায়ীরা কিছুটা স্বস্তি পাবেন। সমাবেশ থেকে আলু চাষি ও ব্যবসায়ীদের স্বার্থে নির্ধারিত ভাড়া বাস্তবায়নসহ হিমাগার-সংশ্লিষ্ট বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। বক্তারা আরও জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা এবং শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে দাবি তুলে ধরা হবে।

শেয়ার: