স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা ও চটপটি তৈরির অভিযোগে ‘ভাই-বোন ফুচকা ও চটপটি কারখানা’ নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটির বাণিজ্যিক কার্যক্রম ১২ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা ৪০ মিনিট পর্যন্ত রহমান নগর, মৌ নার্সিং হোম সংলগ্ন এলাকায় জেলা প্রশাসন, বগুড়ার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজালালের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কারখানাটিতে ফুচকা তৈরির টেবিলের পাশেই ইঁদুর ধরে রাখা অবস্থায় ফুচকা প্রস্তুত করতে দেখা যায়। এছাড়া অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা ও চটপটি তৈরি, কবুতরের খাঁচার পাশে উৎপাদিত খাবার সংরক্ষণ এবং খাবারের মধ্যে কবুতরের বিষ্ঠা ও পালক ছড়িয়ে থাকার বিষয়টি দেখতে পান ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া ফুচকা ও চটপটিতে ব্যবহৃত সস গরম অবস্থায় নন-ফুডগ্রেড প্লাস্টিকের পাত্রে সংরক্ষণ, ময়লাযুক্ত সিদ্ধ ডিম অস্বাস্থ্যকর পরিবেশে রাখা এবং সালাদ তৈরিতে পচা গাজর ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। ফুচকার উপকরণ সিদ্ধ আলুও অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ করা হচ্ছিল। এসব অপরাধের কথা স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আগামী ১২ দিন প্রতিষ্ঠানটির সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া জেলা কার্যালয়কে অবহিত করার পর পুনরায় উৎপাদন শুরু করতে বলা হয়েছে। অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, সিটি কর্পোরেশন বগুড়ার নিরাপদ খাদ্য পরিদর্শক মো. সিদ্দিকুর রহমানসহ অন্যান্য সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন। সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিল জেলা পুলিশের একটি চৌকস দল। এ সময় অভিযুক্ত প্রতিষ্ঠানকে সরকারের সব আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়।
উত্তরকোণ
বগুড়া ভাই-বোন ফুচকা-চটপটি কারখানায় এক লাখ টাকা জরিমানা

