উত্তরকোণ

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

মোকামতলা( বগুড়া) প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার একটি মানবিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নিরলস কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি। ​বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলা চত্বরে সরকারের জনকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক বিশেষ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার, ছাত্রীদের মাঝে বাইসাইকেল, শিক্ষার্থীদের মাঝে ফলজ, ওষধি ও বনজ বৃক্ষ এবং ‘নতুন কুঁড়ি’ চ্যাম্পিয়নদের মাঝে স্কুলব্যাগ বিতরণ করা হয়। ​প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, “রাষ্ট্রের উন্নয়নের সুফল যেন সমাজের প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি এবং শিক্ষার্থীরা সমানভাবে ভোগ করতে পারে—সরকার সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। একজন শিক্ষার্থীর হাতে বাইসাইকেল পৌঁছে দেওয়া মানে তার শিক্ষাজীবনকে গতিশীল করা। একইভাবে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের হাতে হুইলচেয়ার তুলে দেওয়া তাদের চলাচলের স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করার এক মানবিক দায়িত্ব।”​তিনি আরও উল্লেখ করেন, সরকার শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব আগামী গড়তে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশের প্রতি দায়িত্বশীল হতে হবে। সমাজের কোনো মানুষ যেন অবহেলিত না থাকে, সে জন্য রাষ্ট্রের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ভারপ্রাপ্ত এস এম তাজুল ইসলাম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওহাব, সাংগঠনিক সম্পাদক হারুন মাস্টার, মোকামতলা উপজেলা বিএনপির আহবায়ক মাহমুদ হোসেন তৌফিক,অধ্যাপক নজরুল ইসলাম মাহবুবুর রহমান মানিক,শিবগঞ্জ যুব দলের সভাপতি খালিদ হাসান আরমান, মোকামতলা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আ :ওয়ারেছ আকন্দসহ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
​পরে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের হাতে ছাত্রীদের জন্য স্যানিটারি ন্যাপকিন তুলে দেন প্রতিমন্ত্রী। এছাড়া দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়।

শেয়ার: