উত্তরকোণ

বগুড়ার শেরপুরে স্থায়ী সাব রেজিস্ট্রার নিয়োগের দাবিতে দলিল লেখকদের মানববন্ধন

বগুড়ার শেরপুরে স্থায়ী সাব রেজিস্ট্রার নিয়োগের দাবিতে দলিল লেখকদের মানববন্ধন

শহিদুল ইসলাম শাওন, শেরপুর বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে স্থায়ী সাব রেজিস্ট্রার নিয়োগের দাবিতে মানববন্ধন ও কলম বিরতি কর্মসূচি পালন করেছেন দলিল লেখকেরা। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলা সাব রেজিস্ট্রি অফিসের সামনে বাংলাদেশ দলিল লেখক সমিতি শেরপুর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে দলিল লেখক সমিতির নেতারা বলেন, শেরপুর সাব রেজিস্ট্রি অফিসে নিয়মিত সাব রেজিস্ট্রার না থাকায় দলিল নিবন্ধন কার্যক্রম ব্যাহত হচ্ছে। বর্তমানে সপ্তাহে মাত্র দুই দিন সাব রেজিস্ট্রার অফিসে বসেন। ফলে প্রতিদিন গড়ে প্রায় ৮০টি দলিল নিবন্ধন হলেও বিপুলসংখ্যক দলিল অপেক্ষমাণ থাকছে। এতে দলিলের জট তৈরি হয়ে সেবা নিতে আসা সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। তথ্যমতে, শেরপুর উপজেলা একটি গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকা। এ উপজেলায় ২৩০টি মৌজায় প্রতিবছর গড়ে ১০ হাজার থেকে ১২ হাজার দলিল রেজিস্ট্রি হয়। জমি-জমা সংক্রান্ত দলিল নিবন্ধনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমের জন্য সাধারণ মানুষকে সাব-রেজিস্ট্রি অফিসের ওপর নির্ভর করতে হয়। কিন্তু দীর্ঘদিন ধরে অফিসটিতে স্থায়ী সাব-রেজিস্ট্রার না থাকায় দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে সাধারণ মানুষকে চরম ভোগান্তি, সময়ক্ষেপণ ও আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। অন্যদিকে, ধুনট উপজেলা সাব রেজিস্টার নাইমা সিদ্দিকা অতিরিক্ত দায়িত্ব হিসেবে সপ্তাহে দুই দিন (বুধ ও বৃহস্পতিবার) এই অফিসে এসে সামান্য কিছু দলিল রেজিস্ট্রি করেন। এ কারণে দাতা গ্রহীতারা হয়রানির শিকার হচ্ছেন। তাঁরা আরও বলেন, শেরপুর উপজেলার আয়তন ও জনসংখ্যার তুলনায় সাব রেজিস্ট্রি অফিসের কার্যক্রম অনেক বড়। প্রতিদিন প্রায় ১৫০ জন সেবাগ্রহীতা দলিল নিবন্ধনের জন্য অফিসে আসেন। কিন্তু নিয়মিত সাব রেজিস্ট্রার না থাকায় নির্ধারিত সময়ে সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। মানববন্ধনে বক্তারা দ্রুত শেরপুর সাব রেজিস্ট্রি অফিসে একজন স্থায়ী সাব রেজিস্ট্রার নিয়োগ দেওয়ার দাবি জানান। তাঁদের দাবি, নিয়মিত সাব রেজিস্ট্রার নিয়োগ করা হলে দলিলের জট কমবে এবং সাধারণ মানুষ দ্রুত ও নির্বিঘ্নে সেবা পাবেন। কর্মসূচিতে বাংলাদেশ দলিল লেখক সমিতি শেরপুর উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও দলিল লেখকেরা উপস্থিত ছিলেন। গতকাল ১৯ আগস্ট (বুধবার) একই দাবিতে মানববন্ধন করেন জমি ক্রেতা-বিক্রেতারা। তারা বলেন, জমি বিক্রি করে দলিল রেজিস্ট্রি করার জন্য মাসের পর মাস ঘুরেও স্থায়ী অফিসার না থাকার কারণে জমি দলিল সম্ভব হচ্ছেনা।

শেয়ার: