উত্তরকোণ

সাঘাটায় প্রাথমিক বিদ্যালয় ঘেষে পুকুর ঝুঁকিতে শিশু শিক্ষার্থীরা

সাঘাটায় প্রাথমিক বিদ্যালয় ঘেষে পুকুর ঝুঁকিতে শিশু শিক্ষার্থীরা

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: বিদ্যালয়ের বারান্দা ঘেঁষে গভীর পরিত্যক্ত পুকুর। দুর্গন্ধযুক্ত অথৈ পানি যেন হাতছানি দিচ্ছে মৃত্যুকে। নেই খেলার মাঠ, নেই শিশুদের নিরাপদ চলাচলের পর্যাপ্ত জায়গা। এমন ঝুঁকিপূর্ণ পরিবেশে পাঠদান চলছে গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের পাকুড়তলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।বিদ্যালয়টির সামনে থাকা পুকুরটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। পুকুরের পানি নোংরা ও দুর্গন্ধযুক্ত হওয়ায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে বিদ্যালয় চলাকালীন সময়ে ছোট ছোট শিশুদের নিয়ে দুশ্চিন্তায় থাকতে হয় বলে জানিয়েছেন অভিভাবকরা। অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ে কোনো খেলার মাঠ নেই। ফলে শিশুরা স্বাভাবিকভাবে খেলাধুলা ও চলাফেরা করতে পারে না। এর মধ্যে ভবনের সামনে থাকা গভীর পুকুরটি যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান বলেন, “মাত্র ১৪ শতক জমির ওপর বিদ্যালয়ের ভবন নির্মাণ করা হচ্ছে। সামনের পুকুরের জায়গাটি অন্য মালিকের। শুনেছি পুকুরটি আরও গভীর করা হবে। তিনি আরও বলেন, ঘর না থাকায় বাধ্য হয়েই নির্মাণাধীন ভবনেই পাঠদান করা হচ্ছে। স্কুল চলাকালীন সময়ে শিশুদের নিয়ে সবসময় শঙ্কায় থাকতে হয়। পুকুরের বাউন্ডারি নির্মাণ করা না হলে ভবিষ্যতেও শিশুদের নিয়ে শঙ্কায় থাকতে হবে।”  স্থানীয় অভিভাবকদের দাবি, শিশুদের নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত পুকুরটি সংস্কার, নিরাপত্তা বেষ্টনী নির্মাণ অথবা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। অন্যথায় যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবেÑএমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। এব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহিশ শাফি জানান, বিষয়টি আমার জানা ছিল না, এখন সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার: