বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে বগুড়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১০টার দিকে বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে সকালে বগুড়া প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। র্যালিতে বগুড়ার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, ফটো সাংবাদিক ও রাজনৈতিক ব্যাক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মো. শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, দৈনিক করতোয়া’র সম্পাদক মোজাম্মেল হক লালু, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথির বক্তব্যে বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, আলোকচিত্রের মাধ্যমে একটি সময়ের ইতিহাস ও সমাজের বাস্তব চিত্র ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা সম্ভব। একজন ফটোসাংবাদিককে সবসময় সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠতার প্রতি দায়বদ্ধ থেকে কাজ করতে হবে। প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে ফটোসাংবাদিকদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি পেশাগত মান ও নৈতিকতা ধরে রাখার ওপরও গুরুত্ব দেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হারুন উর রশিদ সুজন, শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গর্কি, সদর উপজেলা যুবদলের সভাপতি শ্রী অতুল চন্দ্র দাস সহ সংগঠনের সদস্য বৃন্দ। এছাড়াও বগুড়ার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মো. শফিকুল ইসলাম শফিকের নিজ উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ফটো এ্যালবাম অতিথিদের হাতে তুলে দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি
উত্তরকোণ
বিশ্ব আলোকচিত্র দিবসে বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা

