সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: হাইকোর্টের নির্দেশনার পর গাইবান্ধার সাঘাটায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান শুরু করেছে প্রশাসন। অভিযানের প্রথম দিনেই উপজেলার বোনারপাড়া ইউনিয়নের বাটি গ্রামে অবস্থিত এআরবি ব্রিকসের চিমনি ভেঙে দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় অবৈধ ইটভাটা মালিকদের মধ্যে ভীতির সৃষ্টি হয়েছে।
গতকাল রোববার দুপুর পৌনে ২টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার রুমেন পালের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা পুলিশের পক্ষে এসআই নাজমুল ইসলাম এবং আনসার সদস্য নায়েক মো. কাসেম সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তরের তথ্যমতে, গাইবান্ধা জেলায় মোট ১২৫টি ইটভাটা রয়েছে। এর মধ্যে বৈধ ইটভাটার সংখ্যা মাত্র ১৬টি। বাকি ১০৯টি ইটভাটা অবৈধ হিসেবে চিহ্নিত। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়ার কথা রয়েছে। অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমেন পাল বলেন, হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নেই অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। সাঘাটায় প্রথম পর্যায়ে এআরবি ব্রিকসের চিমনি ভেঙে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে নির্দেশনার আওতাধীন অন্যান্য অবৈধ ইটভাটার বিরুদ্ধেও অভিযান চালানো হবে। প্রশাসনের এ অভিযানে সাঘাটায় অবৈধভাবে ইটভাটা পরিচালনার বিরুদ্ধে কঠোর বার্তা গেল বলে মনে করছেন স্থানীয়রা। এখন দেখার বিষয়, ১০৯টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে হাইকোর্টের নির্দেশনা কতটা কঠোরভাবে বাস্তবায়ন হয়।
উত্তরকোণ
সাঘাটায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন

