ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণ এবং আশপাশের সড়কগুলোতে ভোর থেকেই মানুষের ঢল নামে। শেষবারের মতো প্রিয় নেতাকে দেখতে লাখো মানুষের উপস্থিতিতে পুরো এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে। ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বিপুলসংখ্যক মানুষের উপস্থিতির কারণে গ্র্যান্ড মোসাল্লার অতিরিক্ত প্রবেশপথ খুলে দেওয়া হয়। নিরাপত্তা বাহিনীর কঠোর নজরদারির মধ্যেই সাধারণ মানুষকে শ্রদ্ধা জানানোর সুযোগ দেওয়া হচ্ছে। অনুষ্ঠানের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি ছিল খামেনির কফিনে লেখা আরবি বাক্য। কফিনের ওপর আরবি হরফে লেখা ছিল, “صلى الله عليك يا أبا عبد الله”। এর বাংলা অর্থ, “আল্লাহ আপনার ওপর রহমত বর্ষণ করুন, হে আবা আবদিল্লাহ।” শিয়া ইসলামী ঐতিহ্যে “আবা আবদিল্লাহ” উপাধিটি ইমাম হুসাইনের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। কারবালার স্মৃতি এবং আত্মত্যাগের প্রতীক হিসেবে ইরানের রাষ্ট্রীয় শোকানুষ্ঠান, সামরিক জানাজা এবং আশুরা সংশ্লিষ্ট কর্মসূচিতে এই ধরনের বাক্য প্রায়ই ব্যবহৃত হয়। খামেনির শেষ বিদায়ের অনুষ্ঠানজুড়ে বিপুলসংখ্যক লাল পতাকাও দেখা গেছে, যা উপস্থিত জনতার দৃষ্টি আকর্ষণ করে। ইরানের রাজনৈতিক ও ধর্মীয় সংস্কৃতিতে লাল পতাকা সাধারণত প্রতিশোধ, আত্মত্যাগ এবং শহীদদের রক্তের প্রতীক হিসেবে বিবেচিত হয়। তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষক মোহাম্মদ এসলামির মতে, এই লাল পতাকাগুলোর মাধ্যমে সমর্থকরা খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার আহ্বান জানাচ্ছেন। তার ভাষ্য অনুযায়ী, এটি কেবল শোক প্রকাশের প্রতীক নয়, বরং রাজনৈতিক ও আদর্শিক বার্তাও বহন করছে। এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি শোকানুষ্ঠান চলাকালে যেকোনো ধরনের হামলা বা উসকানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে। অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীজুড়ে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশ্লেষকদের মতে, আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের এই আয়োজন শুধু একটি রাষ্ট্রীয় দাফন অনুষ্ঠান নয়, বরং ইরানের রাজনৈতিক, ধর্মীয় এবং আঞ্চলিক বাস্তবতার একটি গুরুত্বপূর্ণ প্রতীকী মুহূর্ত হিসেবেও বিবেচিত হচ্ছে। তথ্যসূত্র : তাসনিম নিউজ
উত্তরকোণ
লাল পতাকায় খামেনির শেষ বিদায়, কফিনে আরবি ক্যালিগ্রাফি

