উত্তরকোণ

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) কর্তৃক অটোরিকশার ভাড়া বৃদ্ধি কিংবা নতুন করে কোনো ভাড়া নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাসিকের প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি রাজশাহী মহানগরীতে চলাচলকারী কিছু অটোরিকশা চালকের বিরুদ্ধে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ প্রেক্ষাপটে রাসিক স্পষ্টভাবে জানিয়েছে, অটোরিকশার ভাড়া বৃদ্ধি বা নতুন ভাড়া নির্ধারণ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত সিটি কর্পোরেশন গ্রহণ করেনি। নগরবাসীকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। একই সঙ্গে অটোরিকশা চালকদেরও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করার নির্দেশনা দেওয়া হয়েছে। ভাড়া সংক্রান্ত বিষয়টি তদারকির জন্য বৃহস্পতিবার মাঠে নামে রাসিকের রাজস্ব বিভাগ। নগরীর বর্ণালী মোড়, লক্ষ্মীপুর মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অটোরিকশা চালক ও যাত্রীদের সঙ্গে কথা বলেন। এ সময় তারা সবাইকে অবহিত করেন, রাজশাহী সিটি কর্পোরেশন অটোরিকশার কোনো ভাড়া বৃদ্ধি করেনি এবং এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান। অভিযান ও সচেতনতামূলক কার্যক্রমে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকন এবং উপ-যানবাহন শাখার কর্মকর্তা-কর্মচারীরা।

শেয়ার: