বগুড়ার দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একটি রিভলবার, দেশীয় অস্ত্র ও ১২০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- কাহালু উপজেলার পুগইল গ্রামের ইমরান হোসেন (৩০), দুপচাঁচিয়া উপজেলার নওদাপাড়া গ্রামের সোহেল (২৮), কাহালু উপজেলার চানপুর গ্রামের রাব্বী হাসান (২১) এবং একই উপজেলার পাঁচপীর নলঘরিয়া গ্রামের হালিম (২০)। পুলিশের দাবি, তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। শুক্রবার(৫ জুন) এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান। তিনি জানান, বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ জানতে পারে দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী এলাকার একটি বাড়িতে ডাকাত দলের সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন। এ তথ্যের ভিত্তিতে তিরিগাড়ী এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৮ থেকে ১০ সদস্যের দলটি পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে চারজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের কাছ থেকে একটি রিভলবার, একটি চাইনিজ কুড়াল, একটি কাটার, দুটি বার্মিজ চাকু, একটি স্লাই রেঞ্জ ও দুটি গামছা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি তাঁদের কাছ থেকে ১২০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। পুলিশের তাৎক্ষণিক অভিযানের কারণে সম্ভাব্য একটি ডাকাতির ঘটনা প্রতিরোধ করা সম্ভব হয়েছে বলে পুলিশ দাবী করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা সম্প্রতি শিবগঞ্জ ও নন্দীগ্রাম থানা এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পলাতক অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনায় দুপচাঁচিয়া থানায় মামলা হয়েছে।
উত্তরকোণ
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের ৪ জন গ্রেপ্তার

