মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন ও রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস-২০২৬-এর আনুষ্ঠানিক পর্দা উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় রাজশাহী চেম্বার ভবনের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন এবং রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। স্বাগত বক্তব্যে রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার আন্তর্জাতিক যোগ দিবসের তাৎপর্য তুলে ধরেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ হাসেন আলী, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমানসহ অন্যান্য অতিথিরা। বক্তারা বলেন, যোগব্যায়াম কেবল শারীরিক সুস্থতা অর্জনের মাধ্যম নয়; এটি মানসিক প্রশান্তি, আত্মনিয়ন্ত্রণ এবং সুশৃঙ্খল জীবনযাপন গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত যোগচর্চা মানুষের মানসিক স্থিতি বৃদ্ধি, ইতিবাচক চিন্তাভাবনা বিকাশ এবং সুস্থ জীবনধারা নিশ্চিত করতে সহায়ক। তারা আরও বলেন, আন্তর্জাতিক যোগ দিবস বিশ্বব্যাপী স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সুস্থ ও ভারসাম্যপূর্ণ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহীতে বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে এদিন আন্তর্জাতিক যোগ দিবসের আনুষ্ঠানিক পর্দা উন্মোচন করা হয়।
উত্তরকোণ
যোগচর্চায় সুস্থ জীবনের বার্তা, রাজশাহীতে আন্তর্জাতিক যোগ দিবসের পর্দা উন্মোচন

