মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পক্ষ থেকে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ১ হাজার ২৩৭ জন পরিচ্ছন্নতাকর্মীর মাঝে ঈদ উপহার হিসেবে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত নগর ভবনের গ্রিন প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের অর্থ বিতরণ করেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানে প্রত্যেক পরিচ্ছন্নতাকর্মীকে ৫ হাজার টাকা করে মোট ৬১ লাখ ৮৫ হাজার টাকার অনুদান দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে রাজশাহীবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান রাসিক প্রশাসক।
প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রীর এই উদ্যোগ শুধু আর্থিক সহায়তা নয়, এটি পরিচ্ছন্নতাকর্মীদের প্রতি সম্মান, ভালোবাসা ও তাদের শ্রমের স্বীকৃতি। এই সহায়তা ঈদের আনন্দ বাড়ানোর পাশাপাশি দায়িত্ব পালনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নতুন বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণ, কৃষিঋণ মওকুফ, খাল পুনঃখনন এবং ইমাম-মোয়াজ্জিমদের সম্মানী ভাতাসহ বিভিন্ন নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়েছে। রাসিক প্রশাসক আরও বলেন, কোরবানির বর্জ্য অপসারণে প্রধানমন্ত্রী ১২ ঘণ্টার মধ্যে কাজ শেষ করার নির্দেশনা দিয়েছেন। সেই লক্ষ্য সামনে রেখে রাজশাহী মহানগরীতে ৬ থেকে ৮ ঘণ্টার মধ্যেই কোরবানির সব বর্জ্য অপসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। ঈদের দিন তিনি নিজেও মাঠে থেকে কার্যক্রম তদারকি করবেন বলে জানান।
তিনি জানান, ঈদুল আযহা নির্বিঘ্নে উদযাপন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রথমবারের মতো নগরবাসীর মাঝে কোরবানির মাংস সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনায় পরিবেশবান্ধব ব্যাগ এবং ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে। এছাড়া কোরবানির পশুর চামড়া সংরক্ষণে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় লবণ বিতরণ, যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহযোগিতা এবং ঈদে ঘরমুখো ট্রেনযাত্রীদের সহায়তায় বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ঈদ উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন পরিচ্ছন্নতাকর্মীরা। পরিচ্ছন্নতাকর্মী সোনালী, ছাবেরা ও কহিনুর বেওয়া বলেন, প্রধানমন্ত্রীর উপহার পেয়ে তারা আনন্দিত। এই অর্থ দিয়ে পরিবারের ঈদের বাজার ও সন্তান-নাতি-নাতনিদের জন্য জামাকাপড় কিনতে পারবেন। পরিচ্ছন্নতাকর্মী রুমন আলী বলেন, ঈদের আগে এই উপহার পাওয়ায় পরিবারের আনন্দ আরও বেড়ে গেছে। হাশেম আলী বলেন, ১৫ বছরের চাকরি জীবনে এ ধরনের ঈদ উপহার আগে কখনও পাননি। আরেক কর্মী মোঃ সাইফুল ইসলাম বলেন, এই সহায়তা শুধু অর্থ নয়, তাদের কাজের স্বীকৃতি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম। স্বাগত বক্তব্য দেন প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শেখ মোঃ মামুন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাসিকের সচিব সোহেল রানা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, জয়নাল আবেদীন শিবলী, মুক্তার হোসেন ও সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
উত্তরকোণ
প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১,২৩৭ পরিচ্ছন্নতাকর্মী

