উত্তরকোণ

গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবিতে ১৬ মে রাজশাহীতে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ

গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবিতে ১৬ মে রাজশাহীতে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে আগামী ১৬ মে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে বিভাগীয় সমাবেশ করতে যাচ্ছে ১১ দলীয় ঐক্য।
সমাবেশ সফল করতে এবং জনগণকে অবহিত করতে বৃহস্পতিবার (১৪ মে) রাজশাহীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় নগরীর কুমারপাড়া এলাকার আমানা ফুড ভিলেজ হলরুমে ১১ দলীয় ঐক্য, রাজশাহী বিভাগের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তারা জানান, আগামী ১৬ মে বিকেল ৩টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সাংবাদিকদের মাধ্যমে জনগণের কাছে সঠিক বার্তা পৌঁছে দেওয়া এবং সাধারণ মানুষকে সমাবেশে অংশগ্রহণে উদ্বুদ্ধ করাই সংবাদ সম্মেলনের মূল উদ্দেশ্য। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে তিনটি মৌলিক দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো-গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা। দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, কৃষকের দুর্দশা, বিদ্যুৎ ও জ্বালানি সংকট, পরিবহন সমস্যা এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে ফেলেছে। জনগণ এই পরিস্থিতির পরিবর্তন চায় এবং নিজেদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা দেখতে চায়। তারা আরও বলেন, গণতন্ত্রের মূল শক্তি জনগণ। জনগণের মতামত ও রায়কে সম্মান করেই রাষ্ট্র পরিচালিত হওয়া উচিত। দেশে জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা এবং জনগণের আকাক্সক্ষার প্রতিফলন ঘটাতে গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনের শেষাংশে উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে গণমানুষকে আগামী ১৬ মে’র সমাবেশ সফল করতে এগিয়ে আসার আহ্বান জানান নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও ড. মাওলানা কেরামত আলী, রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি ডা. ইমাজ উদ্দিন মন্ডল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মো. শাহাদাত হোসেন, খেলাফত মজলিস রাজশাহী মহানগরের সভাপতি মুফতি জুবায়ের হোসেন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির রাজশাহী মহানগর সভাপতি মো. সাইফুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী মহানগরের আহ্বায়ক মো. মোবাশ্বের আলী এবং শিক্ষাবিদ অধ্যাপক রফিকুল ইসলাম প্রমুখ।

শেয়ার: