উত্তরকোণ

রাসিকে হাম-রুবেলা টিকাদানে শতভাগের বেশি সফলতা

রাসিকে হাম-রুবেলা টিকাদানে শতভাগের বেশি সফলতা

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ব্যবস্থাপনায় পরিচালিত হাম-রুবেলা টিকাদান কার্যক্রমে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি শিশুকে টিকা প্রদান করা হয়েছে। স্কুল ও কমিউনিটি পর্যায়ে পরিচালিত এ কার্যক্রমে মোট লক্ষ্যমাত্রার ১০৪ দশমিক ৫৩ শতাংশ অর্জিত হয়েছে বলে জানিয়েছে রাসিকের স্বাস্থ্য বিভাগ। রাসিক স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, রাজশাহী মহানগরীতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় মোট লক্ষ্যমাত্রা ছিল ৫৪ হাজার ৮৮৬ জন শিশু। এর বিপরীতে টিকা পেয়েছে ৫৭ হাজার ৩৭০ জন শিশু। লক্ষ্যমাত্রা অতিক্রম করে সফলভাবে কার্যক্রম বাস্তবায়ন হওয়ায় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও ইউনিসেফের সংশ্লিষ্ট প্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, ইপিআই সুপারভাইজার, টিম লিডার, স্বেচ্ছাসেবক, শিক্ষক, অভিভাবক এবং সচেতন নগরবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন, শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন শিশুও যেন টিকার আওতার বাইরে না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ হওয়ায় তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাসিক সূত্র জানায়, গত ২০ এপ্রিল থেকে ১০ মে ২০২৬ পর্যন্ত রাজশাহী মহানগরীর স্কুল ও কমিউনিটি পর্যায়ে মোট ৪৩৮টি কেন্দ্রে প্রথম পর্যায়ের হাম-রুবেলা টিকাদান কার্যক্রম পরিচালিত হয়। এদিকে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী হাম-রুবেলা টিকাদানের সময়সীমা আগামী ২০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। বর্তমানে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ম্যাপ-আপ কার্যক্রম পরিচালনা করছেন। এ সময় টিকা না পাওয়া শিশুদের শনাক্ত করে তাৎক্ষণিকভাবে টিকা প্রদান করা হচ্ছে। পাশাপাশি র‌্যাপিড কনভিনিয়েন্স মনিটরিংয়ের মাধ্যমে তথ্য অনলাইনে আপলোড করা হচ্ছে।

শেয়ার: