মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর বাঘা উপজেলায় জেলা প্রশাসনের নির্ধারিত ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশের আগেই অপরিপক্ব আম পাড়ার হিড়িক পড়েছে। অধিক মুনাফার আশায় কিছু অসাধু ব্যবসায়ী কাঁচা আম সংগ্রহ করে কেমিক্যাল দিয়ে পাকিয়ে বাজারজাত করছেন বলে অভিযোগ উঠেছে। সরেজমিনে দেখা গেছে, গত সপ্তাহ থেকেই উপজেলার বিভিন্ন বাগানে আগাম আম পাড়া শুরু হয়েছে। বালিহার ও আড়পাড়া এলাকায় ভ্যানযোগে কাঁচা আম পরিবহন করতে দেখা যায় ব্যবসায়ীদের। তারা দাবি করছেন, এসব গুটি আম আচার তৈরির জন্য ঢাকায় পাঠানো হচ্ছে। তবে কয়েকজন শ্রমিক জানান, আগাম পাড়া আমের বড় অংশই কেমিক্যাল ও রঙ ব্যবহার করে পাকিয়ে বাজারে বিক্রি করা হয়। এদিকে বাঘা বাজারে এখনও জমজমাট আম বেচাকেনা শুরু না হলেও গোপনে আম কেনাবেচা চলছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। ফড়িয়া ব্যবসায়ী দেলশাদ বলেন, আনুষ্ঠানিক সময়সূচি না আসায় প্রকাশ্যে বিক্রি না হলেও আচারের আমের কথা বলে ঢাকায় সরবরাহ করা হচ্ছে। উপজেলা কৃষি অফিস জানিয়েছে, আগামী ১০ মে জেলা প্রশাসনের সভায় চলতি মৌসুমের ম্যাঙ্গো ক্যালেন্ডার চূড়ান্ত করা হবে। বাঘা উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান বলেন, ক্যালেন্ডার প্রকাশের আগে আম পাড়া অবৈধ। অপরিপক্ব আম পাড়া ও কেমিক্যাল ব্যবহারের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মি আক্তার জানান, লিখিত অভিযোগ পেলে কৃষি বিভাগকে সঙ্গে নিয়ে যৌথ অভিযান পরিচালনা করা হবে।
উত্তরকোণ
রাজশাহীর বাঘায় প্রশাসনের ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশের আগেই আম পাড়ার হিড়িক

